রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কক্ষে ঢুকে তাঁকে মারধর করা হয়
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কক্ষে ঢুকে তাঁকে মারধর করা হয়

আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: তদন্তে কমিটি, অভিযুক্তের ড্যাব সদস্যপদ স্থগিত

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে অফিস আদেশ জারি করে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান এবং সদস্যসচিব করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (প্রশাসন-৩) ইমতিয়াজ হোসেনকে।

কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, দায়দায়িত্ব নিরূপণ, প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও যুক্ত করতে পারবে বলেও আদেশে বলা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে ঢুকে অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের ঘটনা ঘটে। অধ্যাপক কাজী আহমেদের অভিযোগ, ড্যাবের কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনা ঘটিয়েছেন।

অধ্যাপক কাজী আহমেদকে মারধরের একটি ভিডিও ফুটেজ প্রথম আলোর হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, তিনি নিজের কক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় আট থেকে নয়জন কক্ষে ঢুকে তাঁকে চেয়ার থেকে টেনে তোলেন এবং মারধর শুরু করেন।

কারণ দর্শানোর নোটিশ ড্যাবের

এদিকে এ ঘটনায় পৃথক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।

ড্যাবের চিঠিতে বলা হয়েছে, আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাবের সভাপতি ও মহাসচিবের কাছে যথাযথ জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।