তুরস্কের আদিয়ামান শহরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল
তুরস্কের আদিয়ামান শহরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল

তুরস্কে ভূমিকম্প

কিশোরীকে জীবিত উদ্ধার করল বাংলাদেশি দল

তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। এরই মধ্যে তুরস্কের আদিয়ামান শহরে ১৭ বছরের এক কিশোরীকে জীবিত এবং তিনজনের মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ শুক্রবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের বার্তায় জানানো হয়, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল গত বুধবার রাত ১০টায় বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তুরস্কের আদানা সামরিক বিমানঘাঁটিতে পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করে।

তুরস্কের আদিয়ামান শহরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল

বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, তুরস্কে ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্যসহ মোট ৭০ সদস্যের একাধিক দল পাঠানো হচ্ছে। তারা বিমানবাহিনীর সি-১৩০ উড়োজাহাজে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।