ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ভুয়া ছাত্র’ আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র পরিচয়ে ক্লাসে ও ক্যাম্পাসে তিন বছর ধরে তাঁর চলাফেরা। গতকাল বুধবার তাঁকে শনাক্ত করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ‘ভুয়া ছাত্র’ এখন শাহবাগ থানা হেফাজতে রয়েছেন ৷

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ষষ্ঠ সেমিস্টারের (তৃতীয় বর্ষ) একটি বিষয়ের ইনকোর্স পরীক্ষায় অংশ নিতে গিয়ে গতকাল ধরা পড়েন সাজিদ উল করিম নামের ওই ব্যক্তি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ‘ভুয়া ছাত্র’ পরিচয় দেওয়ার বিষয়ে তিনি মৌখিক ও লিখিত স্বীকারোক্তি দিয়েছেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত সাজিদ উল করিম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়ে আসছিলেন। সহপাঠী ভেবে অন্য শিক্ষার্থীরা তাঁর সঙ্গে বন্ধুত্বও করেছিলেন। ক্যাম্পাসে শিক্ষার্থী হিসেবেই তাঁর চলাফেরা ছিল। কিন্তু বুধবার ষষ্ঠ সেমিস্টারের একটি ইনকোর্স পরীক্ষা চলাকালে সন্দেহ হলে শিক্ষকেরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু সাজিদ ছাত্রত্বের কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি। ভুয়া ছাত্র হিসেবে তাঁকে শনাক্ত করে প্রক্টরিয়াল বডি ও পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন শিক্ষকেরা।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন তাসনীম আরেফা সিদ্দিকী বলেন, সাজিদ উল করিম একটি রোল নম্বরে পরীক্ষা দিচ্ছিল। কিন্তু সেটি তাঁর রোল নম্বর ছিল না। প্রাথমিকভাবে আমরা তাঁকে বিভাগের ছাত্র নয় বলে শনাক্ত করি। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় ও পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের প্রতিনিধিদের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদের আওতাভুক্ত। এই অনুষদের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টর আবু হোসেন মুহম্মদ আহসান বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়ে তিনি এবং পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের দুই কর্মকর্তা সেখানে যান। যাচাই-বাছাই করে দেখা যায়, সাজিদ উল করিম নামের ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। পরে সে নিজেও বিষয়টি স্বীকার করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে থাকে না সে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, সাজিদ উল করিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। সে একজন বহিরাগত। এ বিষয়ে সে লিখিত ও মৌখিক স্বীকারোক্তি দিয়েছে। এর ভিত্তিতে আমরা তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছি। তাঁর অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনীকে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।