৭ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশ লোগো
পুলিশ লোগো

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তা ও উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এই ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করার কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উভয় প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নূর-এ-মাহবুবা।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. হুমায়ুন কবিরকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত জামিল আহমদকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ওয়াই এম বেলালুর রহমানকে পুলিশ টেলিকমে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মীর রেজাউল আলমকে রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খানকে হাইওয়ে পুলিশের প্রধান ও হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের শাহ মিজান শাফিউর রহমান।

অন্য কর্মকর্তাদের মধ্যে পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মহা. আশরাফুজ্জামানকে ডিএমপিতে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. মাহবুবুর রহমান ভূঁইয়াকে রেলওয়ে পুলিশে, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে, রেলওয়ে পুলিশের ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে পুলিশ সদর দপ্তরে ও টুরিস্ট পুলিশের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে সিলেট মহানগর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।