মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী

মির্জা ফখরুল ও আমীর খসরুর জামিন আবেদনের শুনানি ১৪ ফেব্রুয়ারি

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদনের শুনানির জন্য ১৪ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান আজ মঙ্গলবার এই তারিখ ঠিক করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

মির্জা ফখরুল ও আমীর খসরুর আইনজীবী শাকিল আহমেদ প্রথম আলোকে বলেন, গত ২৮ অক্টোবর এবং এর পরের সংঘর্ষ-সহিংসতাকে কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে ১০টিতে তিনি জামিন পেয়েছেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তাঁর জামিন হয়নি। অন্যদিকে আমীর খসরুর বিরুদ্ধে ১০টি মামলা হয়। তিনি ইতিমধ্যে নয়টি মামলায় জামিন পেয়েছেন। তিনিও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পাননি। এ জন্য এই মামলায় মির্জা ফখরুল ও আমীর খসরুর জামিন চেয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। আদালত ১৪ ফেব্রুয়ারি জামিন আবেদনের শুনানির তারিখ ধার্য করেন।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হন।

২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পরদিন ২৯ অক্টোবর রমনা মডেল থানায় মামলা হয়। এ মামলায় ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন। আমীর খসরুকে গত ২ নভেম্বর গ্রেপ্তার করা হয়। তিনিও তখন থেকে কারাগারে আছেন।