
নিজেদের মুখ, জীবনসংগ্রাম, নতুন ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা স্বপ্ন ক্যানভাসে এঁকেছে রোহিঙ্গা শিশু, কিশোর, তরুণেরা। কারও ক্যানভাসে ভেসে উঠেছে ফেলে আসা ঘর, স্বজন হারানোর বেদনা। এসব ছবি নিয়ে রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে শুরু হয়েছে মাসব্যাপী প্রদর্শনী ‘রোহিঙ্গা সংস্কৃতির নবজাগরণ’।
নোয়াখালীর ভাসানচর ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত ৮ থেকে ১৮ বছর বয়সী ৩০ শিশু শিল্পীর আঁকা ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ছবিগুলোতে শারীরিক ও মানসিক আঘাতের ছাপ স্পষ্ট। দেশ ছেড়ে পরবাসী হওয়া, নাফ নদী পাড়ির দিনগুলোর যন্ত্রণা ফুটে উঠেছে তাদের রংতুলিতে। কেউ কেউ এঁকেছে ক্যাম্পের কাঁচা ঘর, ফুলের গাছ, সহযাত্রীদের মুখ। মহামারিকাল পাড়ি দেওয়ার সময়ের চিহ্ন কারও কারও ছবিতে। বেশ কয়েকজন এই নবীন আঁকিয়েদের প্রশিক্ষণ দিয়েছেন। এত দিন শুধু রোহিঙ্গা শিবিরের আলোকচিত্র দেখেছেন দেশ–বিদেশের মানুষ। এবার শিশুদের রংতুলিতে রোহিঙ্গাদের অন্তর্গত যাতনার ছবি চিত্রকর্ম হয়ে উঠে এল।
মিশ্র মাধ্যমে আঁকা চিত্রকর্মগুলোর জন্য ব্যবহার করা হয়েছে ত্রাণসামগ্রীর বাতিল ব্যাগ, কাপড়চোপড়। ১৮ ফুট লম্বা ও ৫ ফুট চওড়া একটি মাদুরে আঁকা শিল্পকর্ম দেখে যে কারও মনে হবে, এ যেন বাংলাদেশের কারও তৈরি। প্রদর্শনীটি বাছাই–বিন্যাস করেছেন ম্যাক্স ফ্রাইডার। তিনি মনে করেন, রোহিঙ্গা সংস্কৃতির ইতিহাসে এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক একটি ঘটনা। প্রদর্শনীর উদ্বোধনী দিনে তিনি বলেন, ‘বাংলাদেশ ১২ লাখের বেশি মানুষের জীবন বাঁচিয়েছে, যা বিশ্বের জন্য একটি বড় শিক্ষা।’ তিনি মনে করেন, এই গোষ্ঠীকে কেবল খবরের উপাদান হিসেবে দেখা নয়, তাদের প্রতি সত্যিকারের সহানুভূতি দেখানোও প্রয়োজন।
৩৫টি শিল্পকর্ম নিয়ে যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে ধানমন্ডির ইএমকে সেন্টার ও আর্টোলিউশন। ১ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৩১ আগস্ট পর্যন্ত। শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।