
জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়কর জগতে শিক্ষার্থীদের হাতে–কলমে পরিচয় করিয়ে দিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘এক্সপ্লোরিং দ্য কসমস: অ্যাস্ট্রো টক অ্যান্ড স্টার অবজারভেশন’ শীর্ষক ব্যতিক্রমী আয়োজন।
গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মসূচির লক্ষ্য ছিল তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা জাগ্রত করা এবং মহাবিশ্ব সম্পর্কে কৌতূহলকে আরও গভীর করা।
অনুষ্ঠানের প্রথম পর্বে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হলরুম ৪০১-এ অনুষ্ঠিত হয় অ্যাস্ট্রো টক। এতে জ্যোতির্বিজ্ঞানের নানা দিক তুলে ধরা হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাদে শুরু হয় স্টার অবজারভেশন সেশন। শক্তিশালী টেলিস্কোপে চোখ রেখে শিক্ষার্থীরা দেখেন চাঁদ, গ্রহ ও দূরবর্তী নক্ষত্র—যা অনেকের জন্যই ছিল প্রথম অভিজ্ঞতা।
অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ফারসেম এম মোহাম্মদী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. কুতুব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আনোয়ারুল কবির। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজন কমিটির সদস্যসচিব ও ব্যবসায় প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি মৌলিক বিজ্ঞান এবং কলাবিদ্যাকে (লিবারেল আর্টস) পঠনপাঠন ও গবেষণার অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।