
সোনারগাঁও ইউনিভার্সিটির বাংলা বিভাগের ফল-২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গ্রীনরোডে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক শামীম আরা হাসান। আমন্ত্রিত অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির সাবেক কোষাধ্যক্ষ ও ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মো. আল-আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক হাবিবুর রহমান, রেজিস্টার এস এম নূরুল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রধান শামীম সরকার।
কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।