প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের সাবেক আমির শেখ শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। গতকাল রোববার কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা এক চিঠিতে তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁর বাবা এবং কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুসংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনার রাজপরিবার, সরকার এবং কাতার রাষ্ট্রের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
তারেক রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ এবং বিশ্বে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়েছে। আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কাতারের সঙ্গে তার ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করে, যা পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের স্থায়ী সম্পর্কের মাধ্যমে কয়েক দশক ধরে লালিত হয়ে আসছে।
তারেক রহমান বলেন, ‘গভীর এই শোকের মুহূর্তে আমার চিন্তা ও প্রার্থনা আপনার, রাজপরিবারের এবং কাতারের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে রয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সঙ্গে আপনার ও রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্যদের ধৈর্য, শক্তি ও সান্ত্বনা প্রদান করেন।’