
দেশের দুজন বিশিষ্ট শিক্ষাবিদকে সংবর্ধনা দিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেসের ডিন অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক এ এফ এম ইউসুফ হায়দার।
সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই সংবর্ধনার আয়োজন করা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার এই দুজন শিক্ষাবিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার শিক্ষায় বিশেষ অবদানের জন্য এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন। গণিতকে তরুণদের মধ্যে জনপ্রিয় করা এবং গণিত অলিম্পিয়াডে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি এই সম্মাননা পাচ্ছেন। মাহবুবুল আলম মজুমদার দীর্ঘদিন ধরে জাতীয় গণিত অলিম্পিয়াড দলের কোচ ও পরামর্শক হিসেবে কাজ করছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। দক্ষিণ এশিয়ায় ভারতের বাইরে বাংলাদেশই একমাত্র দেশ, যারা এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে।
সম্প্রতি ২০২৬ সালের ‘স্পিরিট অব আবদুস সালাম অ্যাওয়ার্ডও পেয়েছেন অধ্যাপক মাহবুব আলম মজুমদার। বাংলাদেশের বিজ্ঞান ও শিক্ষার উন্নয়নে অসামান্য অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি আবদুস সালামের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। আবদুস সালাম ছিলেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিকসের প্রতিষ্ঠাতা এবং ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
অধ্যাপক মাহবুব আলম মজুমদার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
অন্যদিকে অধ্যাপক এ এফ এম ইউসুফ হায়দারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে গবেষণা, শিক্ষা ও একাডেমিক নেতৃত্বে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মান দেওয়া হয়।
অধ্যাপক এ এফ এম ইউসুফ হায়দার অনেক দিন ধরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক এবং প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিকস অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান এবং স্কুল অব ফার্মেসির ভারপ্রাপ্ত ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।