বিজয় দিবস

গণমানুষের মুক্তির সংগ্রাম এগিয়ে নিতে হবে

রওনক জাহান
রওনক জাহান

১৬ ডিসেম্বর। আমাদের বিজয় দিবস। প্রতিবছর এই দিনে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি নাম না–জানা লাখ লাখ মানুষের স্মৃতির উদ্দেশে, যাঁদের অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিলাম ১৯৭১ সালে। আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। সমাজের বিভিন্ন শ্রেণির ও পেশার মানুষ, নারী-পুরুষনির্বিশেষে পাকিস্তানি সরকারের পরিচালিত গণহত্যায় প্রাণ হারিয়েছিল, নির্যাতনের শিকার হয়েছিল, বাস্তুহারা হয়েছিল।

কোনো প্রস্তুতি ছাড়াই আমাদের জনগণ কেউ অস্ত্র হাতে, কেউ সহায়কের ভূমিকায় এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। লক্ষ্য ছিল দেশ স্বাধীন করা। আরও বড় লক্ষ্য ছিল এ দেশের মানুষ যারা বহু শতাব্দী ধরে নিপীড়ন ও শোষণের জালে আবদ্ধ, তাদের মুক্ত করা।

আমাদের সংগ্রামের নাম তাই আমরা দিয়েছিলাম মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে জনগণের ভূমিকা স্বীকার করেই স্বাধীনতার ঘোষণাপত্রে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্র হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। ১৯৭২ সালে আমাদের সংবিধানে বলা হয়েছিল, জনগণই সব ক্ষমতার উৎস। নাগরিকের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব অধিকার সুনিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছিল।

আজকের দিনে যে প্রশ্নটা প্রাসঙ্গিক, তা হলো বিজয়ের ৫১ বছর পর আমাদের গণপ্রজাতন্ত্রে গণমানুষ কেমন আছে? তারা নিজেদের কতটা মুক্ত বলে মনে করে? গত পাঁচ দশকে নিঃসন্দেহে দেশে আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। দারিদ্র্যের হার কমেছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, যোগাযোগব্যবস্থার উন্নতি হয়েছে।

সত্তরের দশকে যেখানে আমাদের দেশের মানুষের গড় আয়ু ছিল ৪০-এর কোঠায়, এখন তা হয়েছে ৭০-এর ওপরে। জনসাধারণের জীবনযাত্রার মানের অনেক উন্নতি হয়েছে। কিন্তু জনগণের, এমনকি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীরও চাহিদা কি শুধু জীবনযাত্রার মান উন্নয়ন? তাদের কি অন্য কোনো চাহিদা নেই? বঞ্চিত হলেও তারা কি মনে করে না যে নিপীড়ন ও শোষণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিবাদ ও সংগ্রাম করার অধিকার তাদের আছে? বাক্‌স্বাধীনতা কি একমাত্র নাগরিক সমাজেরই দাবি? নাকি দরিদ্র, শোষিত জনগণও বাক্‌স্বাধীনতা চায়?

মুক্তিযুদ্ধের প্রায় ২০ বছর পর এবং আজ থেকে প্রায় ৩০ বছর আগে গণ–আন্দোলনের মাধ্যমে জনগণ এ দেশে সামরিক শাসনের অবসান ঘটিয়েছিল। তারপর থেকে তারা রাজনীতিকদের দ্বারাই শাসিত হয়েছে। কিন্তু জনগণ কি এখন ভাবতে পারছে যে আসলেই তারা রাষ্ট্রের সব ক্ষমতার উৎস, নাকি তারা দেখছে ক্ষমতা ক্রমশ একটি ছোট গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়ে যাচ্ছে। এই গোষ্ঠী যেকোনো সরকারই আসুক না কেন, তাদের কাছাকাছি থেকে বিশেষ সুবিধা ভোগ করে, আইন অমান্য করে প্রচুর ধনসম্পদ গড়ে তোলে। আবার সেই অর্থ বিনিয়োগ করে তারাই হয়ে যাচ্ছে জনপ্রতিনিধি। জনগণ কি মনে করে যে জনপ্রতিনিধিদের তারা দায়বদ্ধ করতে পারছে?

জবাবদিহি তো দূরের কথা, গত এক দশকে পরপর দুটি ত্রুটিপূর্ণ জাতীয় নির্বাচন হওয়ার পর জনগণ এখন পুরো নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলেছে। একটি গণতান্ত্রিক দেশে জনগণের যে ন্যূনতম রাজনৈতিক অধিকার, স্বাধীন ও শান্তিপূর্ণ উপায়ে ভোটের মাধ্যমে সরকার নির্বাচনের অধিকার, তা–ও তারা বাস্তবায়ন করতে পারছে না।

স্বাধীনভাবে মত প্রকাশ করতে, সভা-সমাবেশ করতেও তারা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। প্রতিনিয়তই জনগণকে ভিআইপি, প্রভাবশালী ব্যক্তিদের দাপট সহ্য করতে হচ্ছে রাস্তাঘাটে। তাদের প্রায়ই মনে করিয়ে দেওয়া হচ্ছে যে দেশের উন্নতির জন্য তাদের সর্বদা ক্ষমতাসীনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। দেশের উন্নতির দাবি, সুশাসনের দাবি যে তাদের ন্যায্য দাবি, তার স্বীকৃতি তারা পাচ্ছে না।

এই বিজয়ের মাসে প্রতিবছর আমরা মুক্তিযুদ্ধের গৌরবের দিনগুলোর কথা স্মরণ করি। এই পুনরাবৃত্তির প্রয়োজন রয়েছে, যাতে প্রজন্মের পর প্রজন্ম মনে রাখতে পারে, কী লক্ষ্য নিয়ে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধের এই গৌরবগাথার মূল নায়ক যে জনগণ, তা প্রতি প্রজন্মকে জানাতে হবে, জানতে হবে।

তবে বিজয় দিবস তো কেবল আমাদের উদ্‌যাপনের দিনই নয়, এই দিনে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কী করে আমরা গণমানুষের মুক্তির সংগ্রাম, যার প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি, তাকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমাদের নতুন চিন্তা, নতুন কর্মপন্থা আবিষ্কার করতে হবে, যা দিয়ে আমরা আমাদের নানা সমস্যা, নানা সংকটের উত্তরণ ঘটাতে পারব।

আমাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক, সামাজিক বৈষম্য দূর করতে হবে। রাজনীতিতে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। একটি শান্তিপূর্ণ, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। ব্যবস্থা নিতে হবে যাতে বিজয়ী দল সব সুযোগ-সুবিধা কুক্ষিগত না করতে পারে এবং পরাজিত দল সর্বহারা না হয়ে যায়। মুক্তচিন্তার, তর্কবিতর্কের পরিবেশ সৃষ্টি করতে হবে। সবার ওপরে জনগণকে আবার উদ্বুদ্ধ করতে হবে যে গণমানুষের এই মুক্তির সংগ্রামে শেষ পর্যন্ত জনগণের বিজয় হবে, যেমন আমরা করতে পেরেছিলাম ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময়।