ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন ভর্তি ১৪

ডেঙ্গু মশা
ফাইল ছবি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কেউ মারা যাননি। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন সাতজন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে পাঁচজন ও ঢাকার বাইরে নয়জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৬৬ জন। এর মধ্যে ঢাকায় ২৭২ জন ও ঢাকার বাইরে ২৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬ জন ও অন্যান্য বিভাগে ২৪ জন। চলতি মাসে ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছেন ছয়জন।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন। এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।