আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. আফজালুর রহমান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ হৃদ্‌রোগ চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন টিসিটি ২০২৬-এ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. আফজালুর রহমান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ হৃদ্‌রোগ চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন টিসিটি ২০২৬-এ

হৃদ্‌রোগের চিকিৎসায় নতুন ধারণা নিয়ে বাংলাদেশের গবেষণা আন্তর্জাতিক সম্মেলনে

হৃদ্‌রোগের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে বাংলাদেশের একটি গবেষণা। হাসপাতালে নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসক দল না থাকলেও অন্য হাসপাতাল থেকে চিকিৎসক দল নিয়ে এসে জটিল হৃদ্‌রোগের আধুনিক চিকিৎসা দেওয়া সম্ভব। গবেষণাটিতে এমনই একটি ধারণা তুলে ধরা হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ হৃদ্‌রোগ চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন টিসিটি ২০২৬-এ গবেষণাটি উপস্থাপন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. আফজালুর রহমান। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ২ থেকে ৩ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান হৃদ্‌রোগ বিশেষজ্ঞ, গবেষক ও চিকিৎসাবিজ্ঞানীরা অংশ নেন। সম্মেলনে একাধিক বৈজ্ঞানিক অধিবেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আফজালুর রহমান।

হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে চিকিৎসার সময় সৃষ্ট জটিলতা, বিশেষ করে রক্তনালি ছিদ্র হওয়া ও হৃদ্‌যন্ত্রের চারপাশে রক্ত জমে যাওয়ার মতো জীবনসংকটাপন্ন পরিস্থিতি মোকাবিলায় নিজের অভিজ্ঞতা ২ নভেম্বর তুলে ধরেন আফজালুর রহমান। এ বিষয়ে আয়োজিত অধিবেশনে তিনি মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। একই দিন আরেকটি গুরুত্বপূর্ণ অধিবেশনে তিনি সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

জটিল হৃদ্‌রোগের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত ৩ নভেম্বরের অধিবেশনে আলোচক হিসেবে অংশ নেন আফজালুর রহমান। একই দিন ইন্টারভেনশনালন কার্ডিয়াক টিম ট্রান্সফার পদ্ধতির নতুন ধারণার হৃদ্‌রোগের ইন্টারভেনশনাল চিকিৎসা নিয়ে চলমান পর্যবেক্ষণমূলক গবেষণার তথ্য উপস্থাপন করেন তিনি।

আফজালুর রহমান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক। বর্তমানে তিনি কন্টিনেন্টাল হাসপাতালে হৃদ্‌রোগের আধুনিক চিকিৎসা ও চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত রয়েছেন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ হৃদ্‌রোগ চিকিৎসাবিষয়ক সম্মেলনে বাংলাদেশের গবেষণা ও চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরার এই অর্জন দেশের চিকিৎসাবিজ্ঞানের অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সংযোজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।