হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তাঁর সহযোগীসহ ২১ আসামিকে বহনকারী প্রিজন ভ্যানে হামলার ঘটনায় গ্রেপ্তার মিনহাজুল ইসলাম জামিন পাননি। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন চেয়ে তাঁর করা আবেদনটি আজ বুধবার কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জামিন আবেদনের পক্ষে থাকা আইনজীবী হাসিনা জাহান হাজারী প্রথম আলোকে বলেন, আবেদনটি কার্যতালিকা থেকে মুছে দিয়ে হাইকোর্ট জামিন আবেদন ফেরত দিয়েছেন।
২০১৭ সালের ৬ মার্চ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর কলেজগেট এলাকায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২১ আসামিকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমা হামলা হয়। ওই দিন ঘটনাস্থল থেকে হামলাকারী জঙ্গি মোস্তফা কামালকে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা, চাপাতিসহ গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে মোস্তফা কামাল তাঁর সহযোগী মিনহাজের নাম-ঠিকানা দেন। এ ঘটনার করা মামলায় নরসিংদী থেকে মিনহাজুলকে গ্রেপ্তার করা হয়।