আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’। ৮ ও ৯ মে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। কনফারেন্সে ৫ শতাধিক অংশগ্রহণকারী যুক্ত হবেন। আর আলোচক হিসেবে ১০টি দেশের সাংবাদিকতা বিষয়ে বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এমআরডিআই তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে হাসিবুর রহমান বলেন, স্বাধীন সাংবাদিকতার সামনে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেই এই আয়োজন। মালিক, সম্পাদক, সাংবাদিক, গবেষক, উন্নয়নকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের একটি প্ল্যাটফর্মে আনা হচ্ছে, যাতে সাংবাদিকতার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া যায়। এমআরডিআই মনে করে, নতুন গণতান্ত্রিক প্রেক্ষাপটে সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা তুলে ধরা জরুরি।
কনফারেন্সের আলোচনায় বস্তুনিষ্ঠ অনুসন্ধান, জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার মানোন্নয়ন, প্রযুক্তিগত পরিবর্তনের মুখে নীতি-নৈতিকতা রক্ষা এবং সংবাদমাধ্যমের প্রতি জনআস্থার সংকট কাটাতে জবাবদিহির কাঠামো তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক নিউজরুম, বিশেষ করে নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে।
আয়োজকেরা আশা করছেন, এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করার একটি ভিত্তি তৈরি হবে।
সম্মেলনে দেশ-বিদেশের সাংবাদিক, সম্পাদক, গবেষক, শিক্ষক, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে কানাডার সংবাদপত্র টরন্টো স্টারের সাবেক সম্পাদক মাইকেল কুক, অনুসন্ধানী সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা জুলিয়ান শের, পাকিস্তানের ডন পত্রিকার সম্পাদক জাফর আব্বাস, নেপালি টাইমসের কুন্দা দীক্ষিতসহ আরও অনেকের উপস্থিত থাকার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কনফারেন্সে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে ২০ জনের বেশি আলোচক অংশ নেবেন। কর্মসূচির মধ্যে থাকবে প্লেনারি সেশন, থিমেটিক সেশন, প্যারালাল ট্র্যাক ও মাস্টারক্লাস।
এ ছাড়া সম্মেলনস্থলে চারটি হেল্পডেস্ক থাকবে—অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য অধিকার (আরটিআই), ফ্যাক্ট চেকিং ও মানসিক স্বাস্থ্য সহায়তা।
আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে থাকবে অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্ব–নিয়ন্ত্রণ, জবাবদিহি ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা, মুক্ত সংবাদমাধ্যমের পরিবেশ, ডিজিটাল রূপান্তর, ডেটার ব্যবহার, জেন্ডার সমতা ও সাংবাদিকদের নিরাপত্তা।
সম্মেলনে অংশ নিতে এমআরডিআইয়ের নির্ধারিত ওয়েবসাইটে (https://bdjc.mrdibd.org/) নিবন্ধন করতে হবে। আজ দিবাগত রাত ১২টার পর থেকে নিবন্ধন শুরু হবে। নিবন্ধন শেষে আয়োজকদের বাছাই প্রক্রিয়ার পর নির্বাচিতদের কিউআর কোড দেওয়া হবে, যা প্রদর্শন করে কনফারেন্সে প্রবেশ করতে হবে।
সাংবাদিক, এমআরডিআই অ্যালামনাই, শিক্ষার্থী ও অন্যান্য—এই চারটি ক্যাটাগরিতে নিবন্ধন করার সুযোগ থাকছে। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে এমআরডিআইয়ের বেসিক জার্নালিজমের অনলাইন কোর্সটি সম্পন্ন করা বাধ্যতামূলক। এই কোর্সের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
কনফারেন্সে ঢাকার বাইরের ১৫ জন সাংবাদিকের জন্য ফেলোশিপের সুযোগ রাখা হয়েছে।
কনফারেন্সের নলেজ পার্টনার হিসেবে থাকবে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুইডিশ সরকার। প্লাটিনাম পার্টনার হিসেবে থাকবে ইউনেসকো ও জাতিসংঘের ‘ব্যালট প্রোগ্রাম’।