সিলেটের জেলা প্রশাসক পদে আরেকজনকে নিয়োগ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে পরিবর্তন এনেছে সরকার। কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলেও তিনি যোগ দিতে পারেননি। এখন তাঁর পরিবর্তে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে ২১ জুন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়। এরপর ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপন জারির পর রেজা হাসান কুমিল্লার ডিসির দায়িত্ব ছাড়লেও সিলেটে আর যোগ দেননি। কুমিল্লায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

সিলেটের স্থানীয় একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে মু. রেজা হাসানের নিয়োগের বিষয়টি স্থানীয় একজন মন্ত্রীর মনঃপূত হয়নি। বিষয়টি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের অবহিত করেছেন। তখন থেকেই আলোচনা ছিল সিলেটে আবার নতুন জেলা প্রশাসক নিয়োগ হতে পারে।