
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাসের উড়োজাহাজ কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে দেশের স্বার্থ বজায় রেখে টেকসই মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় বিভিন্ন দেশের কূটনীতিকেরা।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে শার্লেট, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা টারস্টেন এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের ডেপুটি চিফ বাইবা জেরিন উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় মন্ত্রী দেশীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে টেকসই মিশ্র বহর গঠনের লক্ষ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে সরকারের আগ্রহের কথা তুলে ধরেন।
জবাবে ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।