‘গানে গানে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে সমবেত কণ্ঠে সংগীত পরিবেশনা। শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। ৩০ জুলাই ২০২৬
‘গানে গানে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে সমবেত কণ্ঠে সংগীত পরিবেশনা। শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। ৩০ জুলাই ২০২৬

জুলাইয়ের গানে গানে সন্ধ্যা মুখর হলো

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছিল ‘গানে গানে জুলাই’ নামের বিশেষ সংগীতানুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভাপতিত্ব করেন সংস্কৃতিসচিব কানিজ মওলা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন ও একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতনের পর যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে আমরা আমাদের শিল্প–সংস্কৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’

আলোচনার পরে গানের পর্বে শুরু হয়েছিল শিল্পকলা একাডেমির শিল্পীদের সমবেত কণ্ঠে ‘ধনধান্য পুষ্পভরা’, ‘চল চল চল’ ও ‘দুর্গম গিরি, কান্তার-মরু’ গান তিনটির পরিবেশনা দিয়ে। এরপর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল’। ‘মুক্তির মন্দির সোপান তলে/ কত প্রাণ হলো বলি দান’ পরিবেশন করে ‘সৃজনী’র শিল্পীরা।

সমবেত গানের পরে ছিল একক কণ্ঠের গান। এই পর্বে গান গেয়েছেন শিল্পী জাকির হোসেন, মিতা মল্লিক, ফুয়াদ নাসের বাবু ও মমতাজ রহমান। ‘একি অপরূপ রূপে মা তোমার’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গানটি দিয়ে অনুষ্ঠান শেষ হয়।