দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব: ইসি আনিছুর

নির্বাচন কমিশনার আনিছুর রহমান
ফাইল ছবি

দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন করা যায় বলে মনে করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেছেন, বর্তমান কমিশন রংপুর সিটি করপোরেশনের নির্বাচন দিয়ে সেটা দেখিয়ে দিয়েছে। এ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিছুর রহমান এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন কমিশন (ইসি) কিছু করতে পারবে না।

ইসির ইচ্ছা থাকলে যেকোনো সরকারের অধীনই কি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘আমি তো মনে করি সম্ভব। আমরা করেছি। ২৭ ডিসেম্বর যে নির্বাচন (রংপুর সিটি নির্বাচন) হলো, সেটা তো কেউ বলছে না যে ভালো হয়নি।...সরকার আছে, আমরাও আছি, সবাই মিলে অংশগ্রহণমূলক নির্বাচনই হয়েছে। এখন কেউ যায়নি, আরও ভালো হতে পারত যদি তারা যেত। তারা না গেলে আমরা কিছু করতে পারব না।’

তার মানে ইসি চাইলে দলীয় সরকারের অধীন সুষ্ঠু ভোট করতে পারে, এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘অবশ্যই করা যায়। আমরা তো দেখিয়ে দিলাম রংপুরের নির্বাচন দিয়ে। রংপুরের নির্বাচন নিয়ে কোনো জায়গা থেকে এ পর্যন্ত কেউ কিছু বলেনি।’

আনিছুর রহমান আরও বলেন, রংপুর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে শুধু একটি অভিযোগ ছিল, ভোট গ্রহণে বিলম্ব হয়েছে। বিষয়টি কমিশন খতিয়ে দেখবে। ওই নির্বাচনের পর্যবেক্ষক, যেসব সাংবাদিক ঢাকা থেকে গিয়ে ওই নির্বাচন কাভার করেছেন, তাঁদের এবং সংশ্লিষ্ট সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে ইসি কথা বলবে।

এক প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, ইসি সেটা করার চেষ্টা করে যাবে। কেউ যদি না আসে, তাদের আনতে আইনগত বাধ্যবাধকতা নেই, ইসি সেটা করবেও না। তবে তাঁরা আশা করেন, অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

নির্বাচন ও ইসি নিয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘তারা আমাদের অধীন একটা নির্বাচনেও অংশ নেয়নি। অংশ নিয়ে বলুক যে ভোট সুষ্ঠু হয়নি। তারা ডে ওয়ান থেকেই তো আমাদের মানছে না। আমাদের নিয়োগপ্রক্রিয়াই নাকি সুষ্ঠু হয়নি। আইনের আওতায় প্রথম নিয়োগ দেওয়া হয়েছে, তারপরও বলা হচ্ছে, আমাদের নিয়োগপ্রক্রিয়া যথার্থ হয়নি।’

আনিছুর রহমান বলেন, বিএনপিকে কয়েকটি বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা আসেনি। আপাতত তাদের আর সংলাপে আহ্বান করার কোনো পরিকল্পনা ইসির নেই।

বিএনপি জাতীয় নির্বাচন বর্জন করলে ভোট কতটা গ্রহণযোগ্য হবে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, এখনো ভোটের অনেক সময় আছে। অংশ না নিলে তখন বলা যাবে। এত আগ বাড়িয়ে বলার সুযোগ নেই।

আরেক প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, নতুন ইভিএম কিনতে যে প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে, ১৫ জানুয়ারির মধ্যে সেটা অনুমোদিত না হলে সর্বোচ্চ ১৫০ আসনে এই যন্ত্রের ব্যবহার করা কঠিন হয়ে যাবে। নতুন প্রকল্প না হলে এখন ইসির হাতে যে ইভিএম আছে, তা দিয়ে যতটুকু সম্ভব সেখানে ইভিএম ব্যবহার করা হবে।