ধানমন্ডি ও গুলশান পূজামণ্ডপ খুলে দেওয়ার দাবি

জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ বাংলাদেশ সংবাদ সম্মেলনের আয়োজন করে
ছবি: সংগৃহীত

দুর্গাপূজার জন্য ধানমন্ডি ও বনানী পূজামণ্ডপের মাঠ পুনরায় বরাদ্দ দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ বাংলাদেশ। এ ছাড়া গত বছরের দুর্গাপূজা ও পরে বিভিন্ন সাম্প্রদায়িক হামলার বিচার ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামের জে এম সেন হলে এবার ১৮ থেকে ২২ আগস্ট পাঁচ দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হবে। এবার ১৯ আগস্ট ঐতিহাসিক শোভাযাত্রাটি উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সুকুমার চৌধুরী বলেন, ‘ধানমন্ডি ও গুলশান–বনানী পূজামণ্ডপের মাঠ সিটি করপোরেশন বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ দুটি মাঠ খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন জরুরি। নির্বাচনের দেড় বছর বাকি অথচ সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের দৃশ্যমান উদ্যোগ নেই। এতে আমরা হতাশ। এই মুহূর্তে এক ভীতিকর পরিবেশ পরিস্থিতির মুখোমুখি সনাতনী সম্প্রদায়।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামে উৎসবের উদ্বোধনী দিন বিকেলের অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন, প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাসসহ অন্য নেতারা।