
বইমেলার দ্বিতীয় দিন সোহরাওয়ার্দী উদ্যানের নানা ঘটনায় টের পাওয়া গেল, মানুষ উদ্যাপনপ্রিয়। উদ্যানের শেষ দিকে শিশু চত্বরের কাছাকাছি হঠাৎই শোনা গেল গিটারের শব্দ। সেখান থেকে ভেসে আসছে বাংলা লোকগানের ফিউশন। একদল ছেলেমেয়ে এসেছে বন্ধুর বইয়ের মোড়ক উন্মোচন করতে।
যেহেতু মেলার ভেতর কোনো স্টল থেকে মাইক বাজানো বারণ, তাই এ ব্যবস্থা। লালনগীতি আর লোকগানের ফিউশনে রীতিমতো ভিড় জমে গেল। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন মেলায় ভিড় কিছুটা কম ছিল। মানুষ কম এলেও প্রকাশকেরা আশাবাদী।
সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ জানালেন, কাগজের জন্য বইয়ের দাম যা বেড়েছে, তা পাঠকের বোঝা হবে না। কাকলী প্রকাশনীর স্বত্বাধিকারী নাসির আহমেদের কথাতেও একই সুর।
শিলা আহমেদ ও আসিফ নজরুল দম্পতি এলেন সন্ধ্যার মুখে। শিলা বললেন, ‘মানুষের সংখ্যা যেমন ভেবেছি, তার চেয়ে অনেক বেশি।’ আসিফ নজরুল জানালেন, নানা রকম সংকট অতিক্রম করেও মানুষের পাঠের ইচ্ছা এবং বইয়ের সঙ্গে থাকার আগ্রহ জয়ী হয়, সে প্রমাণ অমর একুশে বইমেলা।
‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন আখতার হুসেন, মুহাম্মদ শামসুল হক, ফারুক মাহমুদ ও পারভেজ হোসেন।
বিকেল চারটায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলা লোকসাহিত্যে হাটুরে কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
ভাষার মাসের প্রথম দিনে শুরু হওয়া বইমেলার দ্বিতীয় দিন বিকেলে হঠাৎই বদলে গেল আবহাওয়া। সোহরাওয়ার্দী উদ্যানের পাতাঝরানো মেঘশিরীষগাছের ভেতর দিয়ে সূর্যাস্তের সময় বয়ে গেল এক উত্তরের হাওয়া। ব্যাগ থেকে শীতের কাপড় বের করে গায়ে জড়িয়ে নিলেন অনেকেই।
কেউ কেউ বলে উঠলেন, কদিন পরই ফাল্গুন। জহির রায়হানের ‘আসছে ফাগুনে আমরা কিন্তু দ্বিগুণ হব’র মতো বইয়ের সংখ্যাও অনেক গুণ হবে কদিনের মধ্যেই। মেলার দ্বিতীয় দিনে বাংলা একাডেমির তথ্যকেন্দ্রে নতুন বই জমা হয়েছে ২১টি। এর মধ্যে প্রবন্ধের বই বেশি। বইয়ের সংখ্যা কয়েক শ থেকে হাজার হবে কদিনের মধ্যেই। তাই বলে অবশ্য বিক্রিবাট্টা থেমে নেই।
প্রথমা প্রকাশনের বিপণনকর্মী মুশফিক জানালেন, দুই দিনে একাই বিক্রি করেছেন কয়েকটি ইতিহাসভিত্তিক গবেষণাগ্রন্থ। এই প্রকাশনীতে নানা বয়সী মানুষ বইয়ের খবর নিতে আসছেন। মেলা সব সময়ই আনন্দের বলে জানালেন কথাসাহিত্যিক ও সাংবাদিক মশিউল আলম। মাওলা ব্রাদার্স থেকে দ্বিতীয় দিন প্রকাশিত হয়েছে তাঁর অনূদিত গ্রন্থ। বললেন, অন্য ভাষা থেকে অর্থ ঠিক রেখে স্বাদু বাংলায় রূপান্তরটাই অনুবাদকের বড় দায়।
মেলার আনন্দ টের পাওয়া গেল লেখককুঞ্জ থেকে মাইকে ভেসে আসা আলোচনার শব্দ শুনে। এত কিছুর ভেতর অনেকের দৃষ্টি কেড়ে নিল তিন পথশিশু। ওরা নতুন বইয়ের দোকানের রঙের কৌটা থেকে চেয়ে এনেছে রং।
সারা মুখে তা দিয়েই মুখোশ এঁকে বসে ছিল মেলার মাঠে। দ্বিতীয় দিন মেলা ফুরানোর বেলায় ইমন, রুমান, শ্রাবন্তী নামের এই শিশুদের মুখের রং আর নতুন নতুন বইয়ের প্রচ্ছদের রং যেন মিলেমিশে হয়ে উঠল একটি শব্দ—‘আনন্দ’।
ঘরে বসে বইমেলার যেকোনো বই পেতে: þ www.prothoma.com Å ০১৭৩০০০০৬১৯