দক্ষিণ কোরিয়া থেকে এল রেলের ১৫টি আধুনিক মিটারগেজ কোচ

রেলের জন্য দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছে এই কোচ
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়া থেকে আধুনিক মিটারগেজ রেল কোচের একটি চালান চট্টগ্রাম বন্দরে এসেছে। বুধবার বিকেলে বন্দরের ১২ নম্বর জেটিতে কোচগুলোর খালাস কার্যক্রম শুরু হয়। এই চালানে ১৫টি কোচ আনা হয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরিয়া থেকে ১৫০টি আধুনিক মিটারগেজ কোচ আনা হবে। এর মধ্যে এখন ১৫টি কোচ এসেছে।

বাকিগুলো পর্যায়ক্রমে আনা হবে। এসব কোচ কিনতে ব্যয় হচ্ছে ৬৫৮ কোটি টাকা।
কোচ সংগ্রহ প্রকল্পের বিদায়ী প্রকল্প পরিচালক মোহাম্মদ হাসান মনসুর প্রথম আলোকে বলেন, দক্ষিণ কোরিয়া থেকে আনা মিটারগেজ কোচগুলো খুবই আধুনিক। এখানে স্বয়ংক্রিয় স্লাইডিং ডোর, বায়োটয়লেট, স্বয়ংক্রিয় ঘোষণাসহ নানা ধরনের আধুনিক সুযোগ–সুবিধা রয়েছে। এর মাধ্যমে যাত্রীসেবার মান বাড়বে।

বর্তমান প্রকল্প পরিচালক পার্থ সরকার বলেন, বুধবার বিকেল থেকে কোচগুলোর খালাসপ্রক্রিয়া শুরু হয়েছে। এগুলো প্রথমে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) নিয়ে যাওয়া হবে। এরপর ওয়ার্কশপে রাখা হবে। পরে পরীক্ষামূলকভাবে চালানো হবে। শেষে যাত্রী পরিবহনের কাজ করা হবে। তবে কবে নাগাদ যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।