সেই ২ তরুণকে হামলা ও বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

ইলেকট্রনিক সামগ্রী কিনতে ঢাকায় আসা বগুড়ার দুই তরুণ শাহাদত হোসেন (২১) ও আবু বাশারকে (২৪) পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে বংশাল থানা পুলিশ। তাঁদের অন্য ১৫ জনের সঙ্গে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় সবাইকে জামায়াতের নেতা-কর্মী বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বুধবার সকালে ঢাকার গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট থেকে শাহাদত হোসেন ও আবু বাশারকে পুলিশ আটক করে। দুজনই বগুড়ার শেরপুরের একটি মাদ্রাসার ছাত্র। তাঁদের সঙ্গে ঢাকায় এসেছিলেন তাঁদের সহপাঠী আবু সালেহ।

আবু সালেহর ভাষ্য অনুযায়ী, গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে কম দামে ইলেকট্রনিক সামগ্রী বিক্রি হচ্ছে বলে ইউটিউবে দেখতে পেয়ে তাঁরা বগুড়া থেকে বাসে ঢাকায় আসেন। ঢাকায় পৌঁছেই তাঁরা বুধবার সকাল নয়টার দিকে ওই মার্কেটে যান। তখনো সব দোকান খোলেনি। শাহাদত ও বাশার মার্কেটের ভেতরে বসেন। সালেহ মার্কেটের বাইরে ছিলেন। কিছুক্ষণ পর দুই পুলিশ সদস্য এসে ওই দুজনকে বসে থাকার কারণ জানতে চান এবং তাঁদের মুঠোফোন ঘেঁটে দেখেন। পরে তাঁদের বংশাল থানায় নিয়ে যান। বিষয়টি কিছুটা দূর থেকে দেখছিলেন আবু সালেহ। কাছে গেলে তাঁকেও আটকাতে পারে, এই ভয়ে কাছে যাননি। পরে ফোনে পরিচিত একজনকে ডেকে এনে তাঁকে নিয়ে বংশাল থানায় গিয়ে শাহাদত ও বাশারকে দেখতে পান। সেখানে তাঁদের মুঠোফোনও পুলিশ ঘেঁটে দেখে এবং থানা থেকে চলে যেতে বলে।

কিন্তু বৃহস্পতিবার শাহাদত, বাশারসহ ১৭ জনের বিষয়ে পুলিশ আদালতে যে প্রতিবেদন দিয়েছেন, তাতে বলা হয়, বুধবার সকাল ৯টার দিকে ফুলবাড়িয়া বিআরটিসি বাস ডিপোর উত্তর পাশে হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তায় জামায়াতে ইসলামীর অনেক নেতা-কর্মী বিক্ষোভ ও সমাবেশ করছিলেন। খবর পেয়ে বংশাল থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্য সেখানে হাজির হন। তখন জামায়াত ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হত্যা করার উদ্দেশ্যে ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে হামলা করে ছয় পুলিশকে আহত করেন। পুলিশ ধাওয়া দিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করে। এ সময় জামায়াতের নেতা-কর্মীরা ককটেল ফাটিয়ে পালিয়ে যান।

অবশ্য দুই তরুণকে গ্রেপ্তারের বিষয়ে বুধবার রাতে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মো. জাফর হোসেন প্রথম আলোকে বলেছিলেন, ওই দুজনসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

যদিও বৃহস্পতিবার আবু সালেহ প্রথম আলোকে বলেন, সেখানে কোনো মিছিল বা হামলার ঘটনা তিনি দেখেননি।