কৃতী সংবর্ধনা ২৯ ও ৩০

দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার শপথ 

শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গতকাল কিশোরগঞ্জ শহরতলির নেহাল গ্রিন পার্কে
ছবি: তাফসিলুল আজিজ

দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার শপথ নিল কৃতী শিক্ষার্থীরা। একই সঙ্গে জীবনের যেকোনো পর্যায়ে, যেকোনো পরিস্থিতিতে নিজের মা, মাটি ও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করল তারা।

গতকাল বুধবার নাটোরে অনুষ্ঠিত শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে এই অঙ্গীকার করল শিক্ষার্থীরা। গতকাল কিশোরগঞ্জেও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

নাটোরের অনুষ্ঠানটি হয় শহরের আলাইপুরে জেলা পরিষদের অনিমা চৌধুরী মিলনায়তনে। নিবন্ধিত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১০টায় শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। কৃতী শিক্ষার্থী ও নাটোর বন্ধুসভার সদস্যদের যৌথ অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন। 

অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা সর্বদা মা, মাটি ও মানুষের পাশে দাঁড়াবে। যে কাজ করলে মৃত্যুর পরও মানুষ তোমার সম্পর্কে ভালো বলবে সেই কাজ করবে। নিজের প্রয়োজনকে মা-বাবার ওপর চাপিয়ে দেবে না। তাঁদের কাছে জোর করে কোনো কিছু আদায় করার চেষ্টা করবে না।’

শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র বলেন, কৃতীদের এগিয়ে নিতে প্রথম আলো ও শিখো যে সংবর্ধনার আয়োজন করেছে, তা সাধুবাদ পাওয়ার যোগ্য। তিনি শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

শিক্ষাবিদ আবদুর রাজ্জাক বলেন, ‘তোমাদের সম্মান জানানোর মধ্য দিয়ে আমাদের ও বাবা-মাকে সম্মান জানানো হয়েছে। আমরা প্রথম আলো ও শিখোর এই উদ্যোগে নিজেদের গর্বিত মনে করছি।’

নাটোরের লাঠি-বাঁশি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সালাম শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানান। প্রয়োজনে শিক্ষার্থীদের ফিচার ফোন ব্যবহারের পরামর্শ দেন। এ সময় তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত দরিদ্র পরিবার থেকে উঠে আসা তিন কৃতী শিক্ষার্থীকে তিনটি ফিচার ফোন উপহার দেন।

প্রথম আলোর উপবার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান বলেন, যে জীবনে লড়াই নেই, সংগ্রাম নেই, ত্যাগ স্বীকার নেই, সে জীবন প্রস্ফুটিত হতে পারে না। জীবনের যেকোনো পরিস্থিতিতে লড়াই, সংগ্রামের মানসিকতা থাকতে হবে। তবেই জীবন হাসবে।

কৃতী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিক্রিয়া তুলে ধরে সাদনান শাহরিয়ার ও ফাহমিদা সেঁজুতি। তাঁদের হাতে প্রথম আলোর পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক। অন্যান্য জায়গার মতো এখানেও অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। 

কৃতীদের প্রাণবন্ত উপস্থিতি

কিশোরগঞ্জের অনুষ্ঠানটি হয় শহরতলির নেহাল গ্রিন পার্কে। কৃতী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবের আমেজ বিরাজ করে প্রাঙ্গণজুড়ে। সকাল আটটার দিকে উৎসব শুরু হয়। শুরুতে শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সনদ, ক্রেস্ট ও নাশতার বক্স সংগ্রহ করে। মূল অনুষ্ঠানের আগে ও পরে তারা ছোট ছোট দলে ভাগ হয়ে আড্ডায় মেতে ওঠে, ছবি তোলে।

এখানেও যথারীতি মূল অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এ পরিবেশনায় অংশ নেন কিশোরগঞ্জ বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ। 

শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, তোমাদের মাঝ থেকে আগামীর সৃজনশীল মানুষ গড়ে উঠবে। দিন দিন স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। আশা করি, প্রযুক্তিকে তোমরা ভালো কাজে লাগাবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে সনদ নিচ্ছে কৃতী শিক্ষার্থীরা। গতকাল নাটোর জেলা পরিষদের অনিমা চৌধুরী মিলনায়তনে

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘এটা তোমাদের জীবনের সর্বোচ্চ অর্জন নয়। এটা তোমাদের সূচনামাত্র। জীবনে সফল হওয়ার জন্য বহু দূর যেতে হবে। আর আমাদের ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি দেশের জন্য নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ আ ন ম নৌশাদ খান, জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার ও প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল।

দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ছিল ক্রেস্ট, সনদ, প্রথম আলো ই-পেপার (এক মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স।

দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় গত ১৬ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কার্যক্রম চলছে। এ আয়োজনে সহযোগিতা করেছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।