দুর্গা প্রতিমাকে সাজানো হয়েছে পাহাড়ি আদলে। পাহাড়ি জনগোষ্ঠীর পোশাক পরানো হয়েছে দেবী দুর্গাকে।
দুর্গা প্রতিমাকে সাজানো হয়েছে পাহাড়ি আদলে। পাহাড়ি জনগোষ্ঠীর পোশাক পরানো হয়েছে দেবী দুর্গাকে।

দুর্গা সেজেছেন পাহাড়িকন্যার সাজে

জুম থেকে খাল্লোং (ঝুড়ি) পিঠে নেমে আসছেন এক নারী। আরেকজনের মাথায় টুকরি। সামনে আরও কয়েকজন পাহাড়ি শিশু–কিশোর নাচছে। একদিকে চলছে পাহাড়ের ঐতিহ্যবাহী বাঁশনৃত্য। সেখানে ঢোল আর বাঁশিতে মেতেছেন চার–পাঁচ যুবক। চাকমা তিন মেয়ে পিণন হাদি পরে নৃত্যরত। এমন দিনে কে ঘরে থাকে, কে ঘুমায়! দল বেঁধে উৎসবে যোগ দিতে ছুটছে পাহাড়ি বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ।

চট্টগ্রাম নগরের দক্ষিণ নালাপাড়া পূজা উদ্‌যাপন পরিষদের মণ্ডপ সেজেছে এমন সাজে। পুরোপুরি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার একটি ভাবধারা ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। এই আয়োজনের থিমের নাম দেওয়া হয়েছে ‘পার্বণ’। পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়কে শারদীয় উৎসবে যুক্ত করতে এই প্রয়াস। এ যেন সত্যি সত্যি শারদোৎসবের সর্বজনীন রূপ।

চমক এখানেই শেষ নয়। দুর্গা প্রতিমাকে সাজানো হয়েছে পাহাড়ি আদলে। পাহাড়ি জনগোষ্ঠীর পোশাক পরানো হয়েছে দেবী দুর্গাকে। সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশও পাহাড়ি সাজে সজ্জিত। অলংকার পরানো হয়েছে, তা–ও পাহাড়ের নারীদের পরিধেয় মাথায় রেখে। মজার বিষয় হচ্ছে, দেবীর পোশাক ও গহনা সবকিছুই বাঁশ দিয়ে তৈরি। প্যান্ডেলের সাজসজ্জাও হয়েছে পুরো বাঁশ, শণ ও বেত দিয়ে।

পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার একটি ভাবধারা ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে

সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে এই পূজার খবর বেশ সাড়া ফেলেছে। পাহাড়িসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ভিড় করছেন মণ্ডপে। আজ শনিবার সন্ধ্যায় ঐশ্বর্য চৌধুরী নামে এক তরুণী মণ্ডপে দাঁড়িয়ে বলেন, সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে শারদোৎসব, এটা তার অনন্য উদাহরণ। জাতি–ধর্মে কোনো ভেদাভেদ নেই। শরণ চাকমা নামে এক যুবক বলেন, ‘আমরা ভাবতে পারিনি সনাতন ধর্মের প্রধান উৎসবে আমাদের সংস্কৃতিকে এভাবে তুলে ধরা হবে। এটা একজন পাহাড়ি হিসেবে আমাকে অনেক আনন্দিত ও গর্বিত করেছে।’

পূজায় এমন পাহাড়ি ভাবনার ব্যাখ্যা দিলেন পূজা পরিষদের কর্মকর্তা রাজীব বিশ্বাস। তিনি বলেন, ‘শারদীয় দুর্গোৎসব সবার উৎসব। পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীও এর বাইরে নয়। পাহাড়ের সব জাতিগোষ্ঠীগুলোকে নালাপাড়ার পূজায় যুক্ত করতে এবার আমাদের প্রয়াস পার্বণ। এটা সকলের পার্বণ।’

পিণন হাদি পরে নৃত্য

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা গতকাল শুক্রবার রাতে পরিবার নিয়ে নালাপাড়ার পূজা দেখতে যান। আজ শনিবার তিনি নিজের ফেসবুক পেজে একটি পূজার ছবিসহ পোস্ট দেন। তাতে নোবেল চাকমা লিখেছেন, ‘পাহাড়ের বিভিন্ন জাতি-গোষ্ঠীর সংস্কৃতিকে শারদ উৎসবের রূপ দেওয়া হয়েছে দক্ষিণ নালাপাড়া পূজা মণ্ডপে। অসাম্প্রদায়িক চিন্তাচেতনার অনন্য উদাহরণ এটা। পৃথিবীর সব সৃষ্টি যদি ঈশ্বরের হয়ে থাকে, তাহলে সব সৃষ্টিতে ঈশ্বরের রূপ দেখা আমাদের পরম কর্তব্য। সেটি যে মত-পথ-জাত-পাত-রূপ-বর্ণের হোক না কেন!’

পার্বণের ভাবনা ও সৃজনে ছিলেন শিল্পী বিশ্বজিৎ আইচ। প্রতিমা তৈরি করেছেন উত্তম পাল। আর আলোকসজ্জা করেছে নাট্যশোভা। মণ্ডপে ঢোকার মুখে মূল সড়কের ফটকটিই দর্শনার্থীদের নজর কাড়ছে। বাঁশ ও বেত দিয়ে শৈল্পিকভাবে নির্মিত এই ফটক পার হয়ে যেতে যেতে গলিতে চোখে পড়বে নানা আলপনা ও দেয়ালচিত্র। কোথাও ফুটে উঠেছে দেবীদুর্গার মুখ, কোথাও আবার ঢোল বাদনের দৃশ্য। তবে যেতে যেতে দুটি ছোট  মঞ্চে পাহাড়ি জনগোষ্ঠীর পোশাক পরিহিত বাদক দল ঢাক ও বাঁশি বাজিয়ে চলেছে।

পূজা পরিষদের প্রবীণ সদস্য ও সাবেক চলচ্চিত্র নায়ক পংকজ দেবের সঙ্গে দেখা পূজা প্রাঙ্গণে। তিনি বলেন, ‘আমরা এবার নালাপাড়া পূজা উদ্‌যাপন পরিষদের ৭৫তম বর্ষ উদ্‌যাপন করছি। পাঁচ মাস আগে থেকে শিল্পীরা কাজ শুরু করেছেন। ১৪ হাজার পাকা বাঁশ ব্যবহৃত হয়েছে পুরো শিল্পকর্মে। পার্বণ আমাদের যেমন, তেমনি সব জাতিগোষ্ঠীর। পাহাড়ি সম্প্রদায়ের মানুষও এর বাইরে নন। তাঁরাও যোগ দিয়েছেন এই পার্বণে।’