জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন
ফাইল ছবি

পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার আল আমিন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন আজ মঙ্গলবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতে বেঞ্চ সহকারী গৌতম চন্দ্র অধিকারী।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ক্রিকেটার আল আমিন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আসামির পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

যৌতুকের জন্য মারধর করার অভিযোগ এবং ভরণপোষণ চেয়ে ৭ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন তাঁর স্ত্রী ইসরাত জাহান।

মামলায় দাবি করা হয়েছে, আল আমিনের সঙ্গে বিয়ে হয় ২০১২ সালে। পরে তাঁদের দুই সন্তান হয়। গত ২৫ আগস্ট আল আমিন স্ত্রী ইসরাতের কাছে ২০ লাখ টাকা যৌতুক চান। টাকা না দেওয়ায় পরে মারধর করেন আল আমিন বলে মামলায় অভিযোগ আনা হয়। পরে ইসরাত বাদী হয়ে ২ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় পৃথক মামলা করেন।

ওই মামলায় ৬ সেপ্টেম্বর উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আল আমিন। শুনানি নিয়ে উচ্চ আদালত আল আমিনকে জামিন মঞ্জুর করেন।
পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের মামলার আরজিতে বলা হয়েছে, দুই সন্তানের খরচসহ প্রতি মাসে ৬০ হাজার টাকা ভরণপোষণ চেয়েছেন স্ত্রী ইসরাত জাহান।