
সিলেটে এমপির বাড়িতে পেট্রলবোমা, চাঁদপুরে ট্রেনে আগুন, ঢাকা ও নারায়ণগঞ্জে বাসে আগুন। সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গত শুক্রবার রাত থেকে ২৪ ঘণ্টায় বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র, ব্যাংক, থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়াসহ পেট্রলবোমা ও ককটেল ছুড়ে মারার ঘটনা ঘটেছে। নাশকতার অভিযোগে পুলিশ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৩৮৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। নাশকতা ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল শনিবার ঢাকা, গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশ ঢাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৩৮৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ঢাকায় গ্রেপ্তার হয়েছে ৬০ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি, ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
চলতি মাসের শুরু থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে ‘লকডাউন’সহ নানা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ও যানবাহনে আগুন দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
গতকাল শনিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরে ও সন্ধ্যায় মিরপুরে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম প্রথম আলোকে বলেন, গতকালে ভোরে বসিলা রোডে এসপিবিএন-১-এর রোডসাইড ওয়ার্কশপের বাইরে রাখা অকেজো গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুনে গাড়ির সিট পুড়ে গেছে।
মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় মিরপুর-১০ ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। চলন্ত বাসটিতে দুর্বৃত্তরা গানপাউডার দিয়ে আগুন দেয়। এতে কেউ হতাহত হয়নি। এ ছাড়া গতকাল রাত আটটায় কুর্মিটোলা বাসস্ট্যান্ডে একটি ককটেল বিস্ফোরণের খবর জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর মিরপুরের কালশীতে যাত্রীবেশে একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ১০টি আসন পুড়ে যায়। পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান জানান, চলন্ত বাসটিতে যাত্রী ছিলেন। তবে কেউ আহত হননি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকজন দুর্বৃত্ত বাসের পেছনের দিকে বসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে জানালা দিয়ে নেমে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নেভান।
এর আগে রাত ৯টা ৪০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় মেঘলা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী বাসটিতে দশতলা ভবন এলাকা থেকে যাত্রীবেশে ওঠে দুই যুবক। তারা পেছনের আসনে বসেছিল। মৌচাক এলাকায় পৌঁছালে এ দুজন নেমে যাওয়ার কিছুক্ষণ পর বাসে আগুন ছড়িয়ে পড়ে। চালক, সহকারীসহ ১০–১২ জন যাত্রী দ্রুত নেমে প্রাণে রক্ষা পান। চালকের সহকারী তানজিল জানান, আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে যান। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, দাহ্য পদার্থ দিয়ে বাসের পেছনে আগুন ধরানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর কোর্ট রেলস্টেশন-সংলগ্ন এলাকায় আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের পেছনের বগিতে আগুন দেওয়া হয়। এতে দুটি আসন পুড়ে যায়। স্টেশনমাস্টার মারুফ হোসাইন বলেন, ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর শেষ গন্তব্য বড় স্টেশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বগি থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মচারী ও স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভান। বগির কাছে একটি বোতল পাওয়ার কথা জানিয়েছেন কর্মচারীরা। তাঁদের ধারণা, দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে। ভোর পাঁচটায় নির্ধারিত সময়েই ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে পেট্রলবোমা ছুড়ে মারা হয়। ৮-১০ জন দুর্বৃত্তের ছোড়া তিনটি বোতল বিস্ফোরিত হয়ে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। ঘটনাস্থলে চারটি অবিস্ফোরিত বোতলও পাওয়া যায়। কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। গুলি ছোড়ার অভিযোগও করেছেন কর্মীরা।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক সপ্তর্ষি পাল জানান, উপকেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। আগের রাতেও সেখানে হামলার চেষ্টা হয়েছিল। সে ঘটনায় থানায় মামলা হয়েছে।
গতকাল ভোরে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকার বাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতে ছিলেন। আগুনে বাড়ির টিনের চালের একটি অংশ পুড়ে যায়। চার নিরাপত্তাকর্মী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এম এ মালেক জানান, হামলাকারীরা একটি লেগুনায় এসেছিল বলে তিনি জানতে পেরেছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আফজাল হোসেন বলেন, ভিডিও দেখে প্রাথমিকভাবে দুজনের জড়িত থাকার ধারণা পাওয়া গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনায় জড়িত বলে পুলিশ ধারণা করছে।
গতকাল ভোর পাঁচটার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশের (পিঙ্গলা) গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ব্যাংকের নৈশপ্রহরী মোহাম্মদ ফজল বলেন, তিন ব্যক্তি গাছের আড়াল থেকে এসে পরপর দুটি পেট্রলবোমা ফটকসংলগ্ন দেয়ালে ছুড়ে পালিয়ে যায়। ব্যাংকের ব্যবস্থাপক শম্ভু চন্দ্র দে ও নৈশপ্রহরীরা বালু ও পানি দিয়ে আগুন নেভান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। সেটি থানার সীমানাপ্রাচীর-সংলগ্ন পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ মনে করেন, পাশের একটি সাততলা ভবনের কোনো তলা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, ছাদে বিস্ফোরণের আলামত দেখা গেছে।
নাশকতা ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গোপালগঞ্জসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
গতকাল বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬, গাজীপুরে ১৯, নারায়ণগঞ্জে ৭, ময়মনসিংহের ভালুকায় ২, , চট্টগ্রামে ৮ এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা। সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও দায়িত্ব পালন করছে বিজিবি।
{তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর প্রতিবেদক ও প্রতিনিধিরা}