
রাজধানীর গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ১ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন আদালত।
আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই তারিখ দেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
মীর আহমেদ আলী সালাম বলেন, আজ এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে জামিনে থাকা আসামি মোশাররফের পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন। অভিযোগ গঠন বিষয়ে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
টিউলিপ যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য। ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তিনি। অন্যদিকে মোশাররফ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা।
গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫–এ বদলির আদেশ দেন।
মামলায় টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে দুদকের দেওয়া অভিযোগপত্র গত ১৮ ফেব্রুয়ারি আমলে নেন আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল মামলাটি করে দুদক।