পরিবেশবান্ধব স্যানিটারি প্যাড ও রান্নার চুলার খোঁজে আইডিয়া প্রতিযোগিতা শুরু

পার্বত্য অঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নে আইডিয়া প্রতিযোগিতা শুরু
ছবি: সংগৃহীত

পার্বত্য অঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নে পরিবেশবান্ধব স্যানিটারি প্যাড ও রান্নার চুলা উদ্ভাবনের খোঁজে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন হতে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনডিপি স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্র্যাক্টস (এসআইডি-সিএইচটি) আয়োজিত এই প্রতিযোগিতায় কারিগরি সহযোগিতা প্রদান করছে এটুআই ইনোভেশন ল্যাব এবং আর্থিক সহাযোগিতা প্রদান করছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়। অনুষ্ঠানে বলা হয়, পার্বত্য অঞ্চলের নারীরা গৃহস্থালির কাজ ও গৃহস্থালির জ্বালানির জন্য জৈববস্তু সংগ্রহের কাজে নিয়োজিত থাকেন। রান্নায় কাঠ–কয়লা সঠিকভাবে ব্যবহার না করার কারণে নারীদের অনেক ধরনের স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয়। এসব সমস্যা সমাধানে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় বসবাস করা মেয়ে ও নারীদের জন্য দেশীয় সহজলভ্য উপকরণ দিয়ে পরিবেশবান্ধব স্যানিটারি প্যাড এবং উন্নত পরিবেশবান্ধব জ্বালানিসাশ্রয়ী মাটির চুলা উদ্ভাবনের সর্বোত্তম সমাধানের খোঁজে এই আইডিয়া প্রতিযোগিতা চালু হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী ব্যক্তিদের আইডিয়া জমা দিতে হবে। সেখান থেকে জুরিবোর্ড দুটি আইডিয়াকে পুরস্কৃত করবে।

আইডিয়া নিয়ে পরবর্তী সময়ে আরও কাজ করার জন্য তাঁদের ২৫ লাখ টাকা করে দেওয়া হবে। এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে: https://ilab.gov.bd/cht-challenge-2022/ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম বলেন, স্থানীয় উদ্ভাবন সবার ব্যবহারের উপযোগী করে তৈরি করতে পারলে উদ্ভাবনের সম্ভাবনাগুলোকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এটুআইয়ের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর স্থানীয় উদ্ভাবন নিয়ে কাজ করতে হবে। পাবর্ত্য চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর সহযোগিতা করতে এটুআই সব সময় প্রস্তুত রয়েছে।