আগামীকাল রোববার বিএনপির দেশব্যাপী হরতালের মধ্যেও গণপরিবহন চলবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে তারা এই হরতাল প্রত্যাখ্যানও করেছে।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতালের দিন ঢাকা শহর ও শহরতলি এবং আন্তজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তজেলা রুটে গাড়ি চলাচল করবে।
আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ছিল। কিন্তু সেই সমাবেশে পুলিশের হামলার অভিযোগ এনে আজ দুপুরে হরতাল ডাকে বিএনপি।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বলেছে, বিশৃঙ্খলাকারী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে মালিক-শ্রমিক। একই সঙ্গে ঢাকা শহর ও ঢাকার আশপাশের জেলাগুলোয় বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক এনায়েত উল্ল্যাহ বলেন, বিএনপির সকাল–সন্ধ্যা হরতালের বিষয়ে সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন কোম্পানি, রুট মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে গাড়ি চালানোর সিদ্ধান্ত হয়। তিনি বলেন, জনবিরোধী এ হরতালে মালিক–শ্রমিকেরা কখনো সাড়া দেবেন না।
বিবৃতিতে হরতালের দিন গাড়ি চলাচলে যাতে কোনো ধরনের বাধা না আসে, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।