অধ্যাপক দীপ্তি সাহা
অধ্যাপক দীপ্তি সাহা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপ্তি সাহা মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপ্তি সাহা পরলোকগমন করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ১৭তম বিভাগীয় প্রধান ও চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক দীপ্তি সাহা গতকাল সকালে নাশতার সময় শ্বাসনালিতে খাবার আটকে তিনি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই শিক্ষকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. দীপ্তি সাহা একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন। দেশের শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত অধ্যাপকের মরদেহ গতকাল বিকেলে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে নেওয়া হয়। উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রয়াত অধ্যাপকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পোস্তগোলার শ্মশানে দীপ্তি সাহার শেষকৃত্য হয়। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের এনায়েতনগরের হরিয়ারপাড়ায়। তিনি ভাই, বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আজ শনিবার দীপ্তি সাহার মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।