লেখক-পাঠক সম্মিলন

সাহিত্যিকদের সত্য উন্মোচন করতে হবে

বাংলা এ​কাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে লেখক–পাঠক সম্মিলন
ছবি: শুভ্র কান্তি দাশ

সমাজের বাস্তবতা ও সত্যকে তুলে ধরা ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু সাহিত্যিকদের সেই সত্যই উন্মোচন করতে হবে। লেখনীর মধ্য দিয়ে প্রশ্ন করতে হবে। কবি ও কথাসাহিত্যিক মাসরুর আরেফিন তাঁর লেখায় পৃথিবীর রূঢ় বাস্তবতা, যুগ যুগ ধরে ক্ষমতার চর্চা এবং শোষক ও শোষিতের যে দ্বন্দ্ব, সেটিই তুলে ধরার চেষ্টা করেছেন।

শুক্রবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে লেখক–পাঠক সম্মিলন অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। মাসরুর আরেফিনের ৫৩তম জন্মদিন উপলক্ষে ‘কথাপ্রকাশ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচকেরা মাসরুর আরেফিনের লেখালেখির বিষয় ও শিল্পকৌশল নিয়ে কথা বলেন।
সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘উপন্যাস লেখার জন্য স্মৃতিশক্তি ও দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ।

মাসরুরের তা আছে। সেই সঙ্গে আছে কল্পনাশক্তি। এসব মিলে তিনি সাহিত্যের চর্চা করেছেন ও অভ্যুদয়ের সঙ্গে সঙ্গে তিনি দ্রুত প্রতিষ্ঠা পেয়ে গেছেন।’

মাসরুর আরেফিনের নতুন উপন্যাস ‘মেইন কুন’-এর মোড়ক উন্মোচন করছেন অতিথিরা

বরেণ্য এই অধ্যাপক বলেন, ‘মানুষ এখন আর অতিকায় দৈত্যের মতো কিছু নয়। মানুষ এখন চ্যাপ্টা হয়ে তেলাপোকায় পরিণত হয়েছে। মাসরুর সত্যকে উন্মোচন করার চেষ্টা করেছেন। মাসরুর বলতে চেয়েছেন, সত্য ভয়ংকর, সত্যের উন্মোচন ঝুঁকিপূর্ণ। কিন্তু লেখকের কাজ সত্যকে উন্মোচিত করা, সমাধান দেওয়া নয়। সমাধান অন্যরা দেবেন।

আমরা ইতিহাসের কোন মুহূর্তে আছি, আমাদের আগামীকাল কী হবে, এখানে সাহিত্যিকদের ভাবতে হবে। সত্য উন্মোচন করতে হবে।’

মাসরুর আরেফিনের ৫৩তম জন্মদিন উপলক্ষে ‘কথাপ্রকাশ’ এ আয়োজন করে

মাসরুর আরেফিন তাঁর কাজের মধ্য দিয়ে বাস্তবতাকে উন্মোচন করছেন মন্তব্য করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দর্শন ছাড়া কোনো সাহিত্য কখনো মহৎ হয় না। মাসরুর দর্শনের চর্চা করেছেন।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, মাসরুর আরেফিন আত্মসচেতন লেখক। তিনি সমকালীন পরিস্থিতি নিয়ে লিখেছেন। তিনি তাঁর লেখায় প্রতিটি বিষয়কে প্রশ্ন করেছেন।

তবে নিজের লেখালেখি নিয়ে এখনো তৃপ্ত নন বলে জানিয়ে মাসরুর আরেফিন বলেন, তিনি কোনো কিছুর বিরুদ্ধে লেখেন না, কারও পক্ষেও লেখেন না। তিনি বলেন, ‘অগ্রজেরা পৃথিবীকে যেভাবে সাদাকালো ভাবে দেখতেন, আমাদের সেভাবে দেখার উপায় নেই।’

আলোচনা অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র সংগীতশিল্পী অদিতি মহসিন গান পরিবেশন করেন

পৃথিবীতে শোষণের শেষ নেই বলে উল্লেখ করেন মাসরুর আরেফিন। বলেন, বর্তমান যে ব্যবস্থা তাকে তিনি প্রশ্নবাণে ছিন্নভিন্ন করার চেষ্টা করেন। তবে বেশি করতে গেলে এ ব্যবস্থার মধ্যেই হুমকির একটা বিষয় থাকে। এই ব্যবস্থা ‘নেই’ করে দেবে, ‘গুম’ হওয়ার আশঙ্কা থাকবে। প্রাণের ভয় সবারই আছে। পুরো সমাজব্যবস্থাই এখন বিভাজিত।

নিজের লেখায় ক্ষমতার বিভিন্ন বিষয় থাকা প্রসঙ্গে মাসরুর আরেফিন বলেন, পৃথিবীর মূল চালিকাশক্তি হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতাও সব সময় নেতিবাচক নয়। পৃথিবীর আসল রূপে তিনি পৃথিবীকে দেখাতে চান বলে জানান এই কথাসাহিত্যিক।

প্রাবন্ধিক ফয়জুল লতিফ চৌধুরী মাসরুর আরেফিনকে নিয়ে একটি ছোট প্রবন্ধ লিখেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, মাসরুর আরেফিনের বাংলা সাহিত্যকে এখনো দেওয়ার অনেক কিছু আছে। সমাজে ক্ষমতার চর্চার বিভিন্ন ধাপ ও বিন্যাসকে তিনি তাঁর লেখার মাধ্যমে তুলে ধরেছেন।

অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্র সংগীতশিল্পী অদিতি মহসিন গান পরিবেশন করেন। এ ছাড়া মাসরুর আরেফিনের নতুন উপন্যাস ‘মেইন কুন’–এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কথাপ্রকাশের প্রকাশক জসিম উদ্দিন ও কবি কামরুল হাসান।