দেশে দুর্ভিক্ষ হবে না: কৃষিমন্ত্রী

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক
ছবি: কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে

দেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। আজ মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়।

কাল বুধবার ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬’ দেওয়া হবে। এ উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের কৃষি খাতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬’ প্রদান করা হচ্ছে। ১৪২৫ বঙ্গাব্দের জন্য ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার দেওয়া হচ্ছে। আর ১৪২৬ বঙ্গাব্দের জন্য ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান এ পুরস্কার পাচ্ছে।

এই অনুষ্ঠান নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী বলেন, দেশে কোনো খাদ্যসংকট হবে না, হাহাকার হবে না, দুর্ভিক্ষ হবে না।

আব্দুর রাজ্জাক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের চিরবঞ্চিত, অবহেলিত ও চিরশোষিত কৃষকের উন্নয়নে স্বাধীনতার পরপরই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কৃষি গবেষণায় মেধাবীদের আকৃষ্ট করতে বঙ্গবন্ধু সরকারি চাকরিতে কৃষি গ্র্যাজুয়েটদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়ে কৃষির আধুনিকায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। বঙ্গবন্ধুর মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকবান্ধব। তাই তিনি কৃষির সাফল্যের অন্যতম কারিগর কৃষক, কৃষিবিজ্ঞানীসহ কৃষির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সম্মাননা জানাতে ও তাঁদের উৎসাহিত করতে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) সম্মাননা প্রবর্তন করেছেন।