আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল

শিবিরের দুই নেতাকে পায়ে গুলির ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, আসামি ৮

২০১৬ সালে যশোরের চৌগাছায় ছাত্রশিবিরের দুই নেতাকে পায়ে গুলির ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

এ মামলায় যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ আটজনকে আসামি করা হয়েছে।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, ২০১৬ সালে যশোরের চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনের পায়ে গুলি করা হয়। পরে গুলি করা ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। বালু ঢোকানোর কারণে তাঁদের পায়ে পচন ধরে। একপর্যায়ে তাঁদের পা কেটে ফেলতে হয়। তাঁরা এখন মানবেতর জীবন যাপন করছেন।

এ ঘটনায় সাবেক এসপি আনিসুর রহমানসহ যে আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে, তাঁদের মধ্যে তিনজন গ্রেপ্তার আছেন।

১৬ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।