চবিতে দুই সংবাদকর্মীকে ছাত্রলীগের হেনস্তার বিচার দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই সংবাদকর্মীকে ছাত্রলীগের হেনস্তার বিচারের দাবিতে ‘কলম বিরতি ও অবস্থান’ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে দায়িত্ব পালনের সময় দুই সংবাদকর্মীকে ছাত্রলীগ নেতা–কর্মীদের হেনস্তার ঘটনার বিচারের দাবিতে ‘কলম বিরতি ও অবস্থান কর্মসূচি’ পালন করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা।

আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে সংবাদকর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা যোগ দেন।

এর আগে ৯ ফেব্রুয়ারি চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের দুই উপপক্ষের নেতা-কর্মীর হেনস্তার শিকার হন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তার ও আরটিভির ফটোসাংবাদিক এমরাউল কায়েস।

এ ঘটনার দিনই ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর চিঠি দেয় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এ ঘটনার দ্রুত বিচারের দাবিতে ১২ ও ১৫ ফেব্রুয়ারি দুই দফা সময় বেঁধে দেয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের এই সংগঠন। তবে এখন পর্যন্ত এ ঘটনার কোনো সুরাহা হয়নি। সংগঠনটির নেতারা জানান, ঘটনার ১৭ দিন পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা অবস্থান কর্মসূচি পালন করছেন। দ্রুত বিচার না হলে তাঁরা কঠোর আন্দোলনে যাবেন বলেও জানান।

সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ আজহারের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি মাহবুব এ রহমান, সাধারণ সম্পাদক ইমাম ইমু, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতে খায়রুল ইসলাম, অর্থ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রোকনুজ্জামান, সদস্য মারজান আক্তার ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন।

ইমাম ইমু বলেন, ছাত্রলীগ নেতা–কর্মীদের সাংবাদিক হেনস্তার ঘটনা এ  ক্যাম্পাসে নতুন নয়। কার্যকর শাস্তি না হওয়ায় বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার বিচার দাবি করতে হবে।

মাহবুব এ রহমান বলেন, শিক্ষার্থী কিংবা সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। যাঁরা অভিযুক্ত, তাঁদের সবার পরিচয় স্পষ্ট। প্রশাসন তাঁদের সবার সম্পর্কে জানে। এরপরও এত দিনে বিচার নিশ্চিত করতে না পেরে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে।

অবস্থান কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য শিরীণ আখতার ও প্রক্টর রবিউল হাসান বরাবর বিচারের দাবিতে চিঠি দিয়েছেন সমিতির নেতারা। এ ব্যাপারে জানতে চাইলে উপাচার্য শিরীণ আখতার বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে আলোচনা করবেন।

পরে প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আমরা সব সময় সাংবাদিকদের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখি। এ ঘটনার পরদিনই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটি কাজ করছে। প্রতিবেদন হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’