জাপানের অধ্যাপক তাৎসুফুমি ইয়ামাগাতা

ভারতের চেয়ে বাংলাদেশে ব্যবসা করা সহজ

তাৎসুফুমি ইয়ামাগাতা
ছবি: সংগৃহীত

ব্যবসা করার জন্য বাংলাদেশকে এখন বাজার হিসেবে বিবেচনা করছে জাপান। ভারতের চেয়ে বাংলাদেশে ব্যবসা করা সহজ। ভারত, তুরস্ক ও মিসরের মতো বাংলাদেশও বর্তমান আধিপত্যের বিশ্বে মধ্যম পর্যায়ের একটি শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারবে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন আজ শুক্রবার এসব কথা বলেন জাপানের রিটসুমেইক্যান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির কলেজ অব এশিয়া প্যাসিফিক স্টাডিজের অধ্যাপক এবং রিটসুমেইক্যান সেন্টার ফর এশিয়া প্যাসিফিক স্টাডিজের পরিচালক তাৎসুফুমি ইয়ামাগাতা।

রাজধানীর একটি হোটেলে ‘উন্নয়ন নিয়ে বিআইডিএসের বার্ষিক সম্মেলন ২০২২: অনিশ্চিত ও বিভাজনকারী বিশ্বে কোভিড–পরবর্তী চ্যালেঞ্জ‘ শীর্ষক তিনদিনব্যাপী সম্মেলন চলছে। সম্মেলন শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। এই অধিবেশনে অনলাইনে যুক্ত হয়ে তাৎসুফুমি এসব কথা বলেন।

‘বাংলাদেশের প্রতি জাপানের দৃষ্টিভঙ্গি উত্তরণ: আধিপত্যের প্রতি দুই মধ্যম শক্তির আচরণ কেমন হওয়া উচিত’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তাৎসুফুমি। তিনি বলেন, বাংলাদেশকে এখন ব্যবসায়িক দিক দিয়ে বাজার বলে বিবেচনা করছে জাপান। বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে চায় জাপান। কারণ, বাংলাদেশ বিশ্বাসযোগ্য ও বিশ্বস্ত। ভারতের তুলনায় বাংলাদেশে সহজে ব্যবসা করা যায়। করোনা–পরবর্তী পরিস্থিতিতে জাপান অনুদানের চেয়ে ঋণ দেওয়ার দিকে বেশি ঝুঁকেছে। সে ক্ষেত্রে বড় জনসংখ্যা ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ এবং জাপানের সঙ্গে ভালো সম্পর্ক বিবেচনায় বাংলাদেশের ভালো ঋণগ্রহীতা হওয়ার সম্ভাবনা আছে। জাপানে বাংলাদেশের পোশাকশিল্পের বাজারেরও বিস্তার ঘটছে।

অধ্যাপক তাৎসুফুমি বলেন, ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনা এখনো বেদনার সঙ্গে স্মরণ করে বিশ্ব। ওই সময় বিশ্ব জানতে পারে, বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়। বেশির ভাগ জাপানি এ তথ্য জানতেন না। ২০১৬ সালে হলি আর্টিজানে হামলার ঘটনায় জাপানের সাতজন নাগরিক নিহত হন। তবে এসব বেদনাদায়ক ঘটনা বাংলাদেশের প্রতি জাপানের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনেনি। জাপানের বাংলাদেশকে দরকার।

সম্মেলনের সঞ্চালক বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন জানতে চান, অধ্যাপক তাৎসুফুমি বিনয় প্রকাশ করতে গিয়ে বাংলাদেশকে ‘মধ্যম শক্তি’ বলে উল্লেখ করেছেন কি না। কারণ, এখন বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস–সংকটে অনেক কারখানা উৎপাদন নিয়ে দুর্ভোগে রয়েছে। আর্থ–সামাজিক সমস্যাও রয়েছে।

জবাবে তাৎসুফুমি বলেন, এখন বিশ্বে শুধু পরাশক্তিগুলোই আধিপত্য করছে না, মধ্যম শক্তিগুলোও কোনো কোনো ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছে। ভারত করোনার টিকা তৈরি করে ২০২১ সালে সারা বিশ্বে তা সরবরাহ করেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করে তুরস্ক কৃষ্ণ সাগর দিয়ে খাদ্যপণ্য রপ্তানি করেছে। ২৭তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনের আয়োজন করেছে মিসর। এই দেশগুলো পারলে বাংলাদেশও মধ্যম শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশা করেন।