মস্কোয় রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি বিশ্লেষণ করব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
 ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলবের বিষয়টিতে কী হয়েছিল, তা খতিয়ে দেখা হবে। আজ বুধবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার জাহাজগুলো বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত মঙ্গলবার কামরুল আহসানকে তলব করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা আমাদের রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছি। সেখানে কী আলোচনা হয়েছে, তা বিশ্লেষণ করে দেখব। এখানে শুধু এটি নয় (তলব), দ্বিপক্ষীয় আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

ইউক্রেন–রাশিয়া যুদ্ধের কারণে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশেও আমাদের নীতিগত অবস্থান থেকে যখন যেখানে ভোটের যে ধারা যেমন হওয়া উচিত, সেভাবে করেছি। খুব শিগগির সাধারণ পরিষদে (জাতিসংঘের) আরেকটি প্রস্তাব আসছে। সেটা নিয়ে আমরা বিবেচনা করছি। তবে গতকালের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমরা আগামীকাল আপানাদের জানিয়ে দেব।’

বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি জানিয়ে মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশি কর্তৃপক্ষ রাশিয়ার পণ্যবাহী জাহাজ দেশটির বন্দরে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে যে খবর এসেছে, সে বিষয়ে দেশটির কূটনৈতিক মিশনের প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের এই পদক্ষেপ দ্বিপক্ষীয় সম্পর্কের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ চরিত্রের সঙ্গে সাংঘর্ষিক। তা বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ৬৯টি জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গত সপ্তাহে ঢাকায় নিয়োজিত রুশ রাষ্ট্রদূত তাদের নিশ্চিত করেছেন।

গত বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে দেশটির মালিকানাধীন অনেক জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলো।

এদিকে রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কাজ করছে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। ২০২৪ সালে ওই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। বিদ্যুৎকেন্দ্রের নানা সরঞ্জাম রাশিয়া থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। রাশিয়ার জাহাজের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এসব পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নিয়ে গত ডিসেম্বরে রাশিয়ার একটি জাহাজের মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে সেই জাহাজের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়। বিষয়টি যাচাই করার পর বাংলাদেশ জাহাজটিকে বন্দরে ভিড়তে নিষেধ করে। পরে জাহাজটি ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে যায়। সেখানেও ভেড়ার অনুমতি না পেয়ে জাহাজটি রাশিয়ায় ফিরে যায়।