
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় ১২৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন দুই ব্যক্তির মৃত্যু নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ২৭১ জন ডেঙ্গুতে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৮ জন, ঢাকার বাইরে ৫৭ জন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৬১ হাজার ২৬৩। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৬২২ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৬৪১ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে রোগী ভর্তি ৪০৫ জন। ঢাকার বাইরের হাসপাতালে ৩৪৩ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ২৬৯ জনের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ১৬৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ১০৪ জন।
চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৭ জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৯০৫ জন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১১৩ জন মারা যান গত নভেম্বরে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৩৪ জন। তবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অক্টোবরে। ওই মাসে ২১ হাজার ৯৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে মারা যান ৮৬ জন।
দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।