
দেশে জনপ্রিয় পর্যটনস্থলগুলোর অন্যতম সবুজ প্রকৃতি আর হ্রদবেষ্টিত চট্টগ্রামের ফয়’স লেক। পর্যটনে বাড়তি মাত্রা যোগ করতে এখানে যাত্রা শুরু করেছে ফয়’স লেক ‘বেজক্যাম্প’। প্রকৃতির সঙ্গে মিতালি করে খোলামেলা জায়গা আর রোমাঞ্চকর নানা অ্যাকটিভিটির সমন্বয়ে গড়ে উঠেছে ক্যাম্পটি।
প্রায় ৩৩৬ একর জায়গাজুড়ে অবস্থিত ফয়’স লেক কমপ্লেক্সটিতে একটি ড্রাই পার্ক, একটি ওয়াটার পার্ক ও ফয়’স লেক রিসোর্ট রয়েছে।
বেজক্যাম্প ঘুরে দেখা যায়, শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধির জন্য নানা ধরনের কার্যক্রম রয়েছে এখানে। রয়েছে দলগত সমন্বয় গড়তে অন গ্রাউন্ড অ্যাকটিভিটি, টিম বিল্ডিং গেম, ট্রেজার হান্টসহ বিভিন্ন অ্যাকটিভিটি। এ ছাড়া রয়েছে কায়াকিং, আর্চারি, ক্রাইম্বিং ওয়াল, উড কেবিন, ট্রি টপ অ্যাকটিভিটি, হিউম্যান ফুসবল ইত্যাদি। তবে ক্যাম্পের অন্যতম আকর্ষণ জিপ লাইন। আরও আছে ওয়াটার জিপ লাইন, জায়ান্ট সুইং, স্মল সুইং, জায়ান্ট হ্যামক ইত্যাদি।
আজ রোববার দুপুরে বেসক্যাম্পের উদ্বোধন করেন কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, বেসক্যাম্প অ্যাডভেঞ্চারসের চেয়ারম্যান মাহাবুব জামান, ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক, কনকর্ড এন্টারটেইনমেন্টের নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে অনুপ কুমার সরকার বলেন, পর্যটনের মূল আকর্ষণ এখন অ্যাডভেঞ্চার ট্যুরিজম। শিশু–কিশোরদের সুস্থ বিনোদন দেওয়ার লক্ষ্যে কনকর্ড কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ভিন্ন কিছু করার লক্ষ্যে নতুন এই আয়োজন।
তামজিদ সিদ্দিক বলেন, মানুষ ও প্রকৃতির সঙ্গে সমন্বয় ঘটাবে ফয়’স লেক বেসক্যাম্প থিম পার্ক। ‘টিম বিল্ডিং গেম’, ‘ট্রেজার হান্ট’সহ এখানকার বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটি মানুষকে প্রাত্যহিক ও কর্মজীবনে নানাভাবে উপকৃত করবে। দক্ষ প্রশিক্ষকের সঙ্গে থেকেই সব অ্যাকটিভিটিগুলো হবে। তিনি আরও বলেন, ‘এই থিম পার্ক গড়ে তোলা হয়েছে প্রকৃতির ক্ষতি না করে; বরং প্রকৃতিকে নিয়ে। ভবিষ্যতে যুক্ত হবে মাড ট্রেইল, পেইন্ট বল, নাইট ট্রেইলসহ নানান রোমাঞ্চকর অ্যাকটিভিটি।
পর্বতারোহী বাবর আলী বলেন, ‘যা আছে বাংলাদেশে, তা আছে চট্টগ্রামে। সমুদ্র, পাহাড়, লেক ও নদীঘেরা এই চট্টগ্রামে এমন একটি উদ্যোগ প্রশংসনীয়। তরুণেরা এখানে আগ্রহ নিয়ে আসবে। তাঁদের ভ্রমণে আরও উৎসাহিত করবে।’ পরিবেশের ক্ষতি না করে থিম পার্ক করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
বেজক্যাম্প অ্যাডভেঞ্চারসের চেয়ারম্যান মাহাবুব জামান বলেন, ফয়’স লেক বেসক্যাম্প চট্টগ্রামের পর্যটনে ভিন্ন মাত্রা যোগ করবে। ফয়’স লেকে আগত দর্শনার্থীদের নতুন অভিজ্ঞতা দেবে এটি। বিশেষ করে তরুণদের জন্য এটি হবে আকর্ষণীয় স্থান। শিক্ষার্থীদের পাশাপাশি কর্মজীবীরাও বিনোদন আর বাস্তবধর্মী শিক্ষার জন্য ঘুরতে আসতে পারবেন এখানে।
২০০৪ সালে ফয়’স লেকের যাত্রা শুরু জানিয়ে কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল বলেন, দর্শনার্থীদের ভ্রমণে নতুন কিছু দিতে যৌথভাবে বেসক্যাম্পের যাত্রা শুরু হয়েছে। থাইল্যান্ড, সিঙ্গাপুরে যেসব বেসক্যাম্প আছে সেসবের তুলনায় কোনো অংশে কম হবে না এটি।
একসঙ্গে সর্বোচ্চ ২০০ জনের জন্য বিভিন্ন করপোরেট প্যাকেজ ও দিনভর অ্যাকটিভিটির ব্যবস্থা রয়েছে ক্যাম্পে। দিনভর অ্যাকটিভিটির প্যাকেজটির জন্য দর্শনার্থীদের দিতে হবে জনপ্রতি তিন হাজার টাকা। এ ছাড়া দর্শনার্থীরা চাইলে আলাদাভাবে শুধু একটি বা দুটি অ্যাকটিভিটিসও করতে পারবেন। অ্যাকটিভিটি–ভেদে ফি শুরু ১৫০ টাকা।