বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আজ শুক্রবার (৩ জুলাই) ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। ইরানের রাজধানী তেহরানে
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আজ শুক্রবার (৩ জুলাই) ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। ইরানের রাজধানী তেহরানে

তেহরানে গালিবাফের সঙ্গে হাফিজ উদ্দিনের বৈঠক, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার নিন্দা

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। আজ শুক্রবার ইরানের রাজধানী তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাফিজ উদ্দিন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন উপলক্ষে আয়োজিত কর্মসূচির ফাঁকে দুই দেশের স্পিকারের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় গালিবাফ বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানান।

হাফিজ উদ্দিন জাতীয় শোকের এ সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের সরকার এবং সে দেশের ভ্রাতৃতুল্য জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও ইরানের কয়েক শতকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, গভীর সাংস্কৃতিক এবং দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কের ওপর আলোকপাত করেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার ক্ষেত্রে গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, এ চুক্তি ইরান ও গোটা অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ সুগম করবে। চলমান শান্তিপ্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন স্পিকার। তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষ সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর স্থায়ী সমাধান অর্জনে শান্তিপ্রক্রিয়ার এই গতিকে কাজে লাগাবে।

বৈঠকে ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশে সরকারি সফরে আসার জন্য আমন্ত্রণ জানান বাংলাদেশের স্পিকার।

আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে গত বৃহস্পতিবার তেহরানে পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। আগামীকাল শনিবার (৪ জুলাই) স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।