হামের উপসর্গ ও হাম-পরবর্তী জটিলতায় ভোগা শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল, মহাখালী
হামের উপসর্গ ও হাম-পরবর্তী জটিলতায় ভোগা শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল, মহাখালী

হামে এক দিনে ৮ জনের মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন উপসর্গে এবং একজন নিশ্চিত হামে মারা গেছে। এ সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জন। আর ১০২ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৬৫। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন। তাদের মধ্যে ২৬ হাজার ৪৭৬ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৩৩২ জন। চট্টগ্রাম বিভাগে ২৪৫, সিলেটে ১৬৩, খুলনায় ১০২, বরিশালে ৭৫, ময়মনসিংহে ৫৬, রংপুরে ২৩ এবং রাজশাহী বিভাগে ১১ জন শনাক্ত হয়েছে।

দীর্ঘ সময়ের হিসাবেও ঢাকা বিভাগে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এ বিভাগে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৬১৫ জন। চট্টগ্রাম বিভাগে ৫১ হাজার ৮২৪ এবং সিলেট বিভাগে ২৩ হাজার ৮৫৮ জন শনাক্ত হয়েছে।