
ভারত সফরের জন্য নির্বাচিত বাংলাদেশের ১০০ সদস্যের তরুণ প্রতিনিধিদলের গতকাল মঙ্গলবার একটি ‘ফ্ল্যাগ-অফ’ অনুষ্ঠান হয়েছে।
রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার ভারতীয় হাইকমিশন। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তরুণ প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্য দেন ভারতের উপহাইকমিশনার বিনয় জর্জ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ।
প্রতিনিধিদলটির আট দিনের ভারত সফর শুরু আজ বুধবার। সপ্তাহব্যাপী এ সফরে তারা ভারতের সরকার, শিক্ষা, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি-প্রতিষ্ঠানের সঙ্গে মিথস্ক্রিয়া করবে।
প্রতিনিধিরা ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলো পরিদর্শন করবেন। সফরটিকে বিশেষভাবে সাজানো হয়েছে, যাতে প্রতিনিধিরা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন।
‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম’ ২০১২ সালে শুরু হয়। এ বছর অষ্টমবারের মতো এ সফর হচ্ছে।
এবার প্রতিনিধি বাছাইয়ে ঢাকার বাইরে রাজশাহী ও চট্টগ্রামে প্রথমবারের মতো অডিশন হয়। প্রতিনিধি বাছাইয়ের এ প্রক্রিয়া ব্যাপকভাবে সমাদৃত হয়। বাছাইপ্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো।
এবারের প্রতিনিধিদলে সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলীসহ বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীর সংমিশ্রণ রয়েছে।