
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়রে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের রাজনৈতিক সংগঠন হলুদ দলের বিভক্তির কারণ জানিয়েছে দলটির একটি পক্ষ। আজ বুধবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কারণ জানানো হয়।
৮ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৩–এর নির্বাচন হবে। এ নির্বাচনে হলুদ দলের সমর্থকেরা দুই ভাগে বিভক্ত হয়েছে। দলটির স্ট্যান্ডিং কমিটির মনোনীত প্রার্থীর বিপরীতে পাল্টা প্রার্থী ঘোষণা করেছে দলটির আরেকটি পক্ষ। তাদের দাবি হলুদ দলের বর্তমান স্ট্যান্ডিং কমিটি অবৈধ।
হলুদ দলের স্ট্যান্ডিং কমিটির পক্ষে থাকা শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নেওয়া নানা ‘বিতর্কিত’ বিষয়ের সমালোচনা করে আসছেন। আরেকটি পক্ষের সমর্থকেরা প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। দুটি পক্ষই নিজেদের মূল হলুদ দল বলে দাবি করছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবস্থপনা বিভাগের শিক্ষক মো. আবদুল্লাহ মামুন। এতে তিনি বলেন, স্ট্যান্ডিং কমিটির কতিপয় সদস্য দলীয় গঠনতন্ত্রের কোনো ধরনের তোয়াক্কা না করে ২০১৯ সালের ৬ এপ্রিল থেকে দলকে জবরদখল করে কাজ করছে। স্ট্যান্ডিং কমিটির সদস্য সংখ্যা ১৫ জন হওয়ার কথা থাকলেও অবসর ও ছুটির কারণে বর্তমানে পাঁচজন সদস্যও নেই। এ ছাড়াও সম্প্রতি আরও দুজন শিক্ষক স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করেছে। কমিটিতে প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে কোনো প্রতিনিধি নেই। ইঞ্জিনিয়ারিং অনুষদ, ব্যবসায় প্রশাসন ও বিজ্ঞান অনুষদের কোনো প্রতিনিধি নেই এ কমিটিতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি এই কমিটি। কমিটি বিশ্ববিদ্যালয় পরিবার, দেশের সার্বিক শিক্ষাব্যবস্থা ও সমাজ সংস্কারের দিকনির্দেশনা উপেক্ষা করে যাচ্ছে।
হলুদ দলের বর্তমানে কোনো আহ্বায়ক নেই। যিনি নিজেকে আহ্বায়ক বলে দাবি করছেন, তাঁর দ্রুততম সময়ে দলের স্ট্যান্ডিং কমিটির নির্বাচন দেওয়ার কথা ছিল। এ জন্য সাময়িকভাবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। এ ছাড়া সংগঠনকে জবরদখল মুক্ত করতে ও অনৈতিক চর্চা থেকে বের করে আনার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং হলুদ দলের আদর্শে বিশ্বাসী দুই শতাধিক শিক্ষক লিখিতভাবে স্ট্যান্ডিং কমিটির নির্বাচন দেওয়ার অনুরোধ করেছিলেন। তবে তথাকথিত স্ট্যান্ডিং কমিটি কোনো ধরনের কর্ণপাত করেনি। তাই তাঁরা বাধ্য হয়ে অবৈধ এ কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী ঘোষণা করেছেন।
তবে সংবাদ সম্মেলনা করা এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন হলুদ দলের আহ্বায়ক মো. সেকান্দর চৌধুরী। তিনি বলেন, তাঁরা যেসব অভিযোগ করেছেন, সব ভুল। শিক্ষক সমিতির নির্বাচনে হলুদ দলের যে প্রচারণা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সমর্থন, তাতে বিদ্রোহ করা এ শিক্ষকেরা ঈর্ষান্বিত। এ কারণে সংবাদ সম্মেলন করে এসব ভুল অভিযোগ তুলছেন। হলুদ দলের স্ট্যান্ডিং কমিটির নির্বাচনের প্রক্রিয়া চলমান। নির্বাচন হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আবুল মনছুর, মোহাম্মদ খাইরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষ, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাহমান নাসির উদ্দিন, সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান, অরূপ বড়ুয়া। আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনের সহসভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার সাঈদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ মীর সাইফুদ্দীন খালেদ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দীন, সদস্য প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলম, রকীব নবী প্রমুখ।