জ্বালানি তেলের (ডিজেল, পেট্রল ও অকটেন) দাম পুনর্নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। এতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ–সংক্রান্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে ৫ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
‘ডিজেল ও পেট্রলের রেকর্ড মূল্যবৃদ্ধি’ শিরোনামে ৬ আগস্ট প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ আজ সোমবার রিটটি করেন।
জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে বলে জানান ইউনুছ আলী আকন্দ। তিনি প্রথম আলোকে বলেন, ‘৩৩ থেকে ৫২ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এর ফলে কৃষক, শ্রমিকসহ জনগণ ভোগান্তিতে পড়বে। এ ক্ষেত্রে জনসাধারণের মতামত নেওয়া হয়নি, এমনকি কোন আইনে মূল্য বৃদ্ধি করা হয়েছে, তা প্রজ্ঞাপন উল্লেখ করা নেই। যে কারণে রিটটি করা হয়। আগামী সপ্তাহে হাইকোর্টে রিটের ওপর শুনানি হতে পারে।’
রিটের আবেদনে দেখা যায়, জ্বালানির দাম পুনর্নির্ধারণ নিয়ে ৫ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে বিচারাধীন অবস্থায় প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
জ্বালানি সচিব ও বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানসহ তিনজনকে রিটে বিবাদী করা হয়েছে।