
বর্ষা বিদায় নিয়েছে। কিন্তু তার রেশ এখনও কাটেনি। ছায়ানট মিলনায়তনে একদল শিল্পীর স্বর যেন সেটাই বলে দিচ্ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শহীদ কাদরী, খোন্দকার আশরাফ হোসেন থেকে রামচন্দ্র পালের পঙক্তি দিয়ে যেন বর্ষা ও প্রকৃতির বন্দনা করলেন তারা।
মঙ্গলবার সন্ধ্যায় ছায়ানট ভবন মিলনায়তনে ছিল আবৃত্তি প্রযোজনা ‘বাদল–ধারা হল সারা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আবৃত্তিচর্চা কেন্দ্রের আয়োজনে এই আবৃত্তিসন্ধ্যায় কবিতার বর্ষাধারায় তারা মুগ্ধ করেছেন শ্রোতাদের। এই প্রযোজনায় বেছে নেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ ও তাদের পরবর্তী প্রজন্মের বেশ কয়েকজন কবির বর্ষার কবিতা। জীবনানন্দ দাশের কবিতায় বর্ষা তো এক মোহময় বেদনা, রবীন্দ্রনাথ ঠাকুর মেলে ধরেছেন তাঁর ছিন্নপত্রাবলীর ডালি। সেসব কবিতা ও গানের সম্মিলনে এক অনন্য বন্দনায় সিক্ত হয়েছেন শ্রোতারা।
অনুষ্ঠানের শুরুতেই ‘আকাশ ভেঙে বৃষ্টি’ পর্বে ছিল শহীদ কাদরী, খোন্দকার আশরাফ হোসেন, এনামুল হক, ফাহিমুল ইসলাম, রেহান রাসুল, মারুফুল ইসলাম, রামচন্দ্র পাল, কাজী মেহেদী হাসানের কবিতা। আবৃত্তি করেন রানা আহমেদ, কাজী সামিউল আজিজ, শহিদুল ইসলাম, বহ্নি শিখা ও ফৌজিয়া অনু। দ্বিতীয় পর্ব ‘বৃষ্টির রূপালি জল’–এ জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করেন আশরাফুল হাসান, কাজী বুশরা আহমেদ, মো. মাহমুদুল হাসান, শাহজাদা সম্রাট চৌধুরী ও হুর–এ–জান্নাত। শেষ পর্বে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে ‘বাঁধন-হারা বৃষ্টিধারা’, আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় শহিদুল ইসলাম, ভিনসেন্ট তিতাশ রোজারিও আর চিত্রা রোজারিও।
চার দশক ধরে আবৃত্তিচর্চা করছে কথা আবৃত্তিচর্চা কেন্দ্র। তাদের এ প্রযোজনা গ্রন্থনা করেছেন আশরাফুল হাসান আর নির্দেশনা দিয়েছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মন্জু রশীদ ও তারান্নুম আহমেদ। আশরাফুল হাসান বলেন, ‘বাংলা কবিতার বর্ষা আমাদের আপ্লুত করে প্রেমে, বিরহে কিংবা প্রকৃতির সৌন্দর্যে। এ কারণেই আমরা আধুনিক বাংলা কবিতাগুলো থেকে বর্ষাকে নিয়ে তিনটি পর্বে এই প্রযোজনা সাজিয়েছি।’