
নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতা বন্ধে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনের কার্যকর বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেছেন একটি আলোচনা সভার বক্তারা। নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতা বন্ধে আজ বুধবার রাজধানীর আলোকিতে আয়োজিত জাতীয় সংলাপে বক্তারা এ অভিমত দিয়েছেন।
‘সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত ও দায়মুক্তির অবসানে আইনি কাঠামো জোরদার’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন এলসিজি ওয়েজ এবং জাতিসংঘ বাংলাদেশ। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতা বন্ধে ১৬ দিনব্যাপী বৈশ্বিক প্রচারাভিযানের অংশ হিসেবে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এবারের প্রচারাভিযানের প্রতিপাদ্য, ‘ন্যায়বিচার নিশ্চিত করি, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই’। সংলাপে নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে আইনি কাঠামো শক্তিশালী করা, নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংলাপে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক বলেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনের কার্যকর বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ এবং তাঁদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বিচারব্যবস্থা গড়ে তোলাও জরুরি। পাশাপাশি ক্ষতিকর সামাজিক রীতিনীতি ও মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বৈষম্যমূলক আইন, সেবা পাওয়ার ক্ষেত্রে বাধা এবং যৌন হয়রানির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কাজ করতে হবে। বাংলাদেশে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় বিভিন্ন উদ্যোগের জন্য প্রায় ১ কোটি ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি।
নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতা বন্ধে ঘর, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ।
সংলাপে দুটি বিষয়ভিত্তিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম প্যানেলে আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক অঙ্গীকারের গুরুত্ব উঠে আসে। বাল্যবিবাহ, প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা এবং ক্ষতিকর সামাজিক রীতিনীতি মোকাবিলায় আরও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন আলোচকেরা।
ইউএন উইমেনের প্রতিনিধি গীতাঞ্জলি সিং এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে সরকার, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। সহিংসতা প্রতিরোধ, সেবা প্রদান এবং জবাবদিহি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন।
দ্বিতীয় প্যানেলে প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা, অনলাইনে নারীর নিরাপত্তা এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিয়ে আলোচনা হয়।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতাকে শুধু সাইবার নিরাপত্তার সমস্যা হিসেবে দেখলে হবে না, একে মানবাধিকার ইস্যু হিসেবেও বিবেচনা করতে হবে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপিটান বলেন, সংলাপের সুপারিশগুলো বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে। এ জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও কার্যকর সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন।
সংলাপে ন্যায়বিচার নিশ্চিত করা, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা জোরদার এবং দায়মুক্তির অবসানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন সচেতনতামূলক ও জনসম্পৃক্ত কার্যক্রম চলবে।