
সম্পদের বিবরণী নিয়ে অনুসন্ধান বা তদন্ত পর্যায়ে কোনো ব্যক্তিকে একাধিক নোটিশ দেওয়ার ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের (দুদক) আছে বলে এক রায়ে উল্লেখ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। সম্পদবিবরণী দাখিলের জন্য দুদক কোনো ব্যক্তিকে বারবার নোটিশ দিতে পারে না, আপিল বিভাগের ছয় বছর আগে দেওয়া এমন সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ প্রত্যাহার করে ওই রায় দেওয়া হয়।
২০১৬ সালের ২৪ নভেম্বর আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা চেয়ে দুদকের করা আবেদন (রিভিউ) নিষ্পত্তি করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গত ৩০ জুন ওই রায় দেন। রায়টি লিখেছেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। ১১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গতকাল বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
২০০৪ সালের দুদক আইনের ১৯ ধারা এবং ২০০৭ সালের দুদক বিধিমালার ৮, ১১ ও ২০ বিধি পর্যালোচনা করে রায়ে আদালত বলেছেন, বলতে দ্বিধা নেই যে যাঁর বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান বা তদন্ত চলছে—বিধানগুলো অভিযোগ ওঠা ব্যক্তির স্বার্থ ও সুবিধার জন্য। যাতে তিনি অনুসন্ধান বা তদন্ত পর্যায়ে নিজে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান। তাই কমিশন বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এ ধরনের নোটিশ সংশ্লিষ্ট ব্যক্তিকে ইস্যু করা উদ্দেশ্যপ্রণোদিত বা হয়রানির জন্য, তা বলার অবকাশ নেই।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সম্পদের হিসাব বা বিবরণী নিয়ে অনুসন্ধান বা তদন্ত পর্যায়ে দুদকের একাধিকবার দেওয়া নোটিশ বৈধ বলে প্রমাণিত হয়েছে। আপিল বিভাগের এই রায়ের ফলে এখন অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে দুদকের একাধিক নোটিশ দিতে আইনগত কোনো বাধা নেই। তবে দুদক কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে, যাতে সর্বোচ্চ আদালতের রায়ের পর্যবেক্ষণ ও আইনের কোনো ব্যত্যয় না ঘটে।
২০০৭ সালের দুদক বিধিমালার ৮ ও ১১ বিধি তুলে ধরে রায়ে বলা হয়, এটি বেশ পরিষ্কার যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হলে অনুসন্ধান বা তদন্ত পর্যায়ে তাঁর বক্তব্য শুনতে, লিখিত বা মৌখিক বিবৃতি জমা এবং অভিযোগসংযুক্ত নথি উপস্থাপনের সুযোগ দিতে তাঁকে দুদকে হাজির হতে নোটিশ দেওয়ার ক্ষমতা দুদকের আছে।
আইন ও বিধি পর্যালোচনা করে রায়ে বলা হয়, এটি কাচের মতো স্বচ্ছ যে আইনের ২৬ ধারায় নোটিশ দেওয়ার আগে কমিশনের অনুসন্ধান করার ক্ষমতা আছে। আর নোটিশ দেওয়ার পর অভিযোগ ওঠা ব্যক্তির দাখিল করা বিবৃতিতে সন্তুষ্ট না হলে বিধি ৬ অনুসারে অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করার ক্ষমতা কমিশনের আছে। অনুসন্ধানের উদ্দেশ্যে কমিশন বা সংশ্লিষ্ট কর্মকর্তা অনুসন্ধানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে লিখিত বা মৌখিক বক্তব্য দিতে এবং প্রাসঙ্গিক নথি দাখিলের জন্য নোটিশ দিতে ক্ষমতাপ্রাপ্ত। আইনের ২৬ ধারায় দেওয়া নোটিশ এবং অনুসন্ধানের উদ্দেশ্যে বিধি ৮ অনুসারে নেওয়া নোটিশ আলাদা।
নথিপত্রে দেখা যায়, মো. আশরাফুল হক নামের এক ব্যক্তির সম্পদবিবরণী দাখিল ও তাঁকে হাজির হতে ২০১০ সালের ১৯ অক্টোবর নোটিশ দেয় দুদক। পরে তিনি হাজির হন। পরে আরও দুবার তাঁকে নোটিশ দেওয়া হয়। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। রিটের চূড়ান্ত শুনানি শেষে রুল খারিজ করে ২০১৩ সালে রায় দেন হাইকোর্ট। ফলে দুদকের নোটিশ বৈধতা পায়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন আশরাফুল হক। ২০১৬ সালের ২৪ নভেম্বর লিভ টু আপিলের ওপর সিদ্ধান্ত দেন আপিল বিভাগ। এই আদেশে আপিল বিভাগ উল্লেখ করেন, সম্পদবিবরণী নিয়ে রিট আবেদনকারীকে (আশরাফুল হক) তিনবার নোটিশ দেওয়া হয়, যার মধ্যে কমিশনের একই কর্মকর্তা দুবার নোটিশ দেন। দাখিল করা সম্পদবিবরণী বিষয়ে যদি কমিশন সন্তুষ্ট না হয়, তাহলে বিধান অনুসারে রিট আবেদনকারীর বিরুদ্ধে মামলা করতে পারে। কিন্তু একজন ব্যক্তিকে সম্পদবিবরণী নিয়ে বারবার নোটিশ দিতে পারে না। দুদকের পক্ষ থেকে এটি উদ্দেশ্যপ্রণোদিত কাজ। যদি কোনো কর্মকর্তা এ ধরনের নোটিশ ইস্যু করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দুদক চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করা হয়।
আপিল বিভাগের এই সিদ্ধান্ত, পর্যবেক্ষণসহ আদেশ পুনর্বিবেচনা চেয়ে ২০২০ সালে আবেদন (রিভিউ) করে দুদক। ওই সিদ্ধান্ত, পর্যবেক্ষণসহ আদেশ প্রত্যাহার করে পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি করে ৩০ জুন রায় দেওয়া হয়। রায়ে বলা হয়, লিভ টু আপিল নিষ্পত্তির সময় আইন–বিধির ওই বিধানগুলো বিবেচনায় নেওয়া হয়নি। ফলে ভ্রান্ত সিদ্ধান্ত এসেছে, যা রেকর্ডদৃষ্টে স্পষ্ট। একই সঙ্গে কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দেওয়ার নির্দেশও বাতিল করা হয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। আশরাফুল হকের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান।
পুনর্বিবেচনা আবেদন নিষ্পত্তি করে দেওয়া রায়ে আরও বলা হয়, দুদকের অনুসন্ধানের কার্যপদ্ধতি অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং এই কার্যপদ্ধতি সংশ্লিষ্ট ব্যক্তির জন্য সুবিধার, যাঁর বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের সময় সংশ্লিষ্ট ব্যক্তি অনুসন্ধান কর্মকর্তার সামনে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ পান। মামলা হওয়ার পর তদন্তকালে অভিযোগ ওঠা ব্যক্তির বিধি ১১ অনুসারে একইভাবে আত্মপক্ষ সমর্থন নিশ্চিত করা হয়েছে।