
গ্রীষ্ম মৌসুম সামনে রেখে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানি বাড়াচ্ছে সরকার। ইউরোপে চাহিদা কমে যাওয়ায় বিশ্ববাজারে কমতে শুরু করেছে এলএনজির দাম। ফলে আগের চেয়ে আরও কম দামে এলএনজি কিনছে সরকার। সাত মাস পর খোলাবাজার থেকে কেনা প্রথম এলএনজির কার্গো ২২ ফেব্রুয়ারি দেশে আসার কথা।
চাহিদা অনুসারে বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ইতিমধ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সামনে বিদ্যুৎ খাতে দিনে ১২০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করতে হবে। বর্তমানে সরবরাহ করা হচ্ছে ৯০ কোটি ঘনফুটের কম। গ্যাস সরবরাহ বাড়াতে হলে এলএনজি আমদানি বাড়াতে হবে।
বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন-পেট্রোবাংলা সূত্র বলছে, ফেব্রুয়ারি থেকে আগামী জুন পর্যন্ত মোট ৩৬ কার্গো এলএনজি আনতে চায় পেট্রোবাংলা। এর মধ্যে ২৪টি কার্গো আসবে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ওমান ও কাতার থেকে। আর খোলাবাজার থেকে ১২টি কার্গো আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ৩১ জানুয়ারি একটি কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন করে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে প্রতি ইউনিটের (এমএমবিটিইউ) দাম পড়েছে ১৯ দশমিক ৭৪ ডলার। নতুন করে আরও একটি কার্গো কেনা হচ্ছে ১৬ দশমিক ৫০ ডলারে। জাপানের একটি কোম্পানি এ দর প্রস্তাব করেছে। ইউরোপের শীতকালীন চাহিদা কমায় বিশ্ববাজারে এলএনজির দাম কমে আসছে। আগামী কয়েক মাস এটি এমন থাকতে পারে বলে ধারণা।
গত বছরের জুনে সর্বশেষ ২৪ দশমিক ২৫ ডলার করে একটি এলএনজি কার্গো আমদানি করে সরকার। এরপর বিশ্ববাজারে এলএনজির দাম বাড়তে থাকে। সর্বোচ্চ ৭০ ডলার পর্যন্ত উঠে যায় এলএনজির দাম। ডলার সাশ্রয় করতে গত জুলাই থেকে খোলাবাজার থেকে এলএনজি কেনা বন্ধ রাখে সরকার। এতে দেশে গ্যাসের সরবরাহ সংকট বাড়ে। বাসা থেকে শিল্প, গ্যাসের অভাবে ভুগছে সবাই। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন।
দেশে এলএনজি আমদানি শুরু হয় ২০১৮ সালে। তবে খোলাবাজার থেকে প্রথম এলএনজি কেনা হয় ২০২০ সালের সেপ্টেম্বরে। প্রথম কার্গোটি কেনা হয়েছিল প্রতি ইউনিট সাড়ে তিন ডলার করে। আর সর্বোচ্চ ৩৯ ডলার করে এক কার্গো কেনা হয়েছিল গত বছর।
বর্তমানে প্রতি ইউনিট (ঘনমিটার) গ্যাস সরবরাহ করতে গড়ে পেট্রোবাংলার খরচ হচ্ছে ১৪ টাকা। ১৮ জানুয়ারি সরকার গ্যাসের দাম বাড়িয়ে দেয়, যা ১ ফেব্রুয়ারি কার্যকর হয়েছে। এতে নতুন গড় দাম দাঁড়িয়েছে ২১ টাকা ৬৭ পয়সা। ফলে দেখা যাচ্ছে, প্রতি ইউনিট গ্যাসে পেট্রোবাংলার লাভ থাকছে প্রায় আট টাকা। এতে গ্যাস বিক্রি থেকে মুনাফা করার সুযোগ তৈরি হয়েছে। তবে খোলাবাজার থেকে এলএনজি আমদানি বাড়লে সংস্থাটির গড় খরচ কিছুটা বাড়বে।