বিরল আবাসিক পাখি

ছোট হলদেসিঁথি কাঠঠোকরা

সাতছড়ি জাতীয় উদ্যানে ছোট হলদেসিঁথি কাঠঠোকরা
আলোকচিত্র: লেখক

ভোরের আলো ফোটার আগে থেকেই বসে আছি হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের মান্দারগাছের পাশের টাওয়ারে। পেছনের ডালপালা ছাড়া মোটামুটি পুরো মান্দারগাছ টকটকে লাল ফুলে ছেয়ে আছে।

কিন্তু পাক্কা এক ঘণ্টা অপেক্ষা করেও কইরিদি, মদনা ও ঝুলন টিয়ে ছাড়া তেমন কোনো বিরল বা দুর্লভ পাখির দেখা পেলাম না। বিভিন্ন প্রজাতির শালিক পাখির অত্যাচারে, বিশেষ করে কাঠশালিক, অন্য পাখিরা টাওয়ারের দিকের ডালে তেমন একটা আসছে না। কাজেই মান্দারগাছ থেকে দৃষ্টি সরিয়ে আকাশের দিকে তাকাতেই দূর আকাশে এক জোড়া কাউ ধনেশ উড়তে দেখলাম। কিন্তু ওরা টাওয়ারের আশপাশ দিয়েও গেল না।

কাজেই কাছ থেকে উড়ন্ত ছবি তোলা হলো না। হঠাৎ একটি খোঁপাবাজ টাওয়ারের বেশ কাছ দিয়ে চক্কর মারা শুরু করল। আর যায় কোথায়? সবার ক্যামেরাই ওর কিছু ঝকঝকে উড়ন্ত ছবিতে সমৃদ্ধ হলো।

এরপর ১০ মিনিট পুরো টাওয়ার ও আশপাশজুড়ে নিস্তব্ধতা। মান্দারগাছে কোনো পাখির আনাগোনা নেই। আমরাও কিছুটা ঢিমেতালে দাঁড়িয়ে রইলাম। তবে বেশিক্ষণ অবসর পেলাম না। মান্দারগাছের ফুলবিহীন পেছনের ডালে হলুদ–ঝুঁটির ছোট্ট একটি পাখি এসে বসল।

আর বেশ শব্দ করে ডালটিকে ঠোকরাতে শুরু করল। দ্রুত দু-তিনটি সাক্ষী ছবি তুলে পরীক্ষা করতেই মনটা আনন্দে ভরে উঠল। বিরল এই পাখিকে ২০১৩ সাল থেকে কোথায় না খুঁজেছি? অবশ্য ২০১৮-তে ওর দেখা পেয়েছিলাম, এরপর ২০২০-এ। কিন্তু কাছে পাইনি কখনো। আজও কাছে পেলাম না। তবে অবস্থান ভালো। অতএব ছবি খারাপ হলো না।

ঠকঠক শব্দে ডাল ঠোকরানো পাখিটি দেখতে বেশ সুন্দর। পিঠসহ দেহের ওপরটা সবুজাভ হলুদ। সবুজাভ মাথা ও জলপাই ঘাড়ে ছোট্ট সুদৃশ্য হলুদ–ঝুঁটি। লেজ কালচে, থুতনি সাদা ও বুক সবুজাভ। সাদা দেহতলে সবুজ ডোরা। চোখের রং গাঢ় লাল। চোখের চারপাশের ত্বক ধূসর। চঞ্চু কালচে বাদামি। পা ও পায়ের পাতা সবুজাভ, নখ বাদামি। স্ত্রী-পুরুষে কিছুটা পার্থক্য থাকে। পুরুষের চোখ ও মাথার মাঝে গাঢ় লাল ডোরা থাকে। তা ছাড়া একটি গাঢ় লাল রেখা চোখের ওপর দিয়ে চলে গেছে। স্ত্রী পাখির এই ডোরা না থাকলেও গাঢ় লাল রেখাটি চোখের পেছন থেকে ঘাড় পর্যন্ত চলে গেছে। দেহের দৈর্ঘ্য ২৫-২৮ সেন্টিমিটার ও ওজন ৫৭-৭৪ গ্রাম।

ওরা সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বন ও সুন্দরবনের বাসিন্দা। এ ছাড়া চা-বাগানেও দেখা মেলে। সচরাচর জোড়ায় বা ছোট পারিবারিক দলে বিচরণ করে। চোখা চঞ্চুর মাধ্যমে গাছের বাকল থেকে পিঁপড়া, উইপোকা ও গাছ ছিদ্রকারী পোকা সংগ্রহ করে খায়। তবে রসাল ফলও খেতে পারে। সচরাচর নীরব, মাঝেমধ্যে নাকি সুরে ‘পি-য়া...’ শব্দে ডাকে।

এপ্রিল থেকে মে প্রজনন মৌসুমে পুরুষ পাখি ঘাড়ের হলুদ–ঝুঁটি খাড়া করে মাথা এপাশ-ওপাশ ঘোরায় ও গাছের ফাঁপা ডালে আঘাত করে ড্রামের মতো শব্দ করে। গাছের ক্ষয়ে যাওয়া ডালে গর্ত করে বাসা বানায়। বাসা বানানো, ডিমে তা দেওয়া ও ছানাদের লালনপালন স্ত্রী-পুরুষ মিলেমিশে করে। ডিম পাড়ে ৩-৫টি, রং সাদা, যা ফোটে ১১-১৪ দিনে। আয়ুষ্কাল ৫-৬ বছর।

এতক্ষণ যে সুন্দর পাখিটির বর্ণনা দিলাম, তা হলো এ দেশের এক বিরল আবাসিক পাখি ছোট হলদেসিঁথি কাঠঠোকরা। হলুদ ঘাড়ওয়ালা কাঠঠোকরা নামেও পরিচিত। পশ্চিমবঙ্গে বলে হলুদ–ঝুঁটি কাঠঠোকরা। ইংরেজি নাম Lesser Yellownape। বৈজ্ঞানিক নাম Picus chlorolophus। ওরা বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় বাস করে।

আ ন ম আমিনুর রহমান, পাখি ও বন্য প্রাণী চিকিৎসা বিশেষজ্ঞ