দেশের উপজেলা পরিষদগুলোতে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ ‘পরিদর্শন কক্ষ’ সংরক্ষণ ও যথাযথ ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে উপজেলা পরিষদের মাসিক সভায় নেওয়া সিদ্ধান্ত ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি জানতে সভার কার্যবিবরণী নিয়মিত স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ আজ বুধবার এ বিষয়ে আলাদা দুটি নির্দেশনা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে পাঠানো চিঠি দুটিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল।
এর মধ্যে একটি চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (২০০৯ ও ২০২৬ সালে সংশোধিত)–এর ২৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা। উপজেলা পরিষদকে সংসদ সদস্যের পরামর্শ গ্রহণ করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, সংসদ সদস্যদের উপজেলা পর্যায়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা ও তাৎক্ষণিক সুবিধার জন্য উপজেলা পরিষদে তাঁদের অনুকূলে ‘পরিদর্শন কক্ষ’ নির্ধারণ ও বরাদ্দ করা হয়েছে। এসব কক্ষ সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত রাখা এবং যথাযথভাবে ব্যবস্থাপনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অন্য চিঠিতে উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী নিয়মিত সরকারের কাছে না পৌঁছানোর বিষয়টি উঠে এসেছে। স্থানীয় সরকার বিভাগ বলেছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮–এর ২৭(৪) ধারা অনুযায়ী পরিষদের প্রতিটি সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা হওয়ার ১৪ দিনের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।
তবে স্থানীয় সরকার বিভাগের পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ থেকে নিয়মিত সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠানো হচ্ছে না। এর ফলে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণেও সমস্যা হচ্ছে। চিঠিতে উদাহরণ হিসেবে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ পরিষদের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমের কথা বলা হয়েছে।
চিঠিতে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে আগের মাসের সভার কার্যবিবরণীর সফট কপি স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইলে এবং হার্ডকপি ডাকযোগে পাঠাতে বলা হয়েছে।
চিঠি দুটির অনুলিপি সব সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।